মুকসুদপুর থানা পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা

অনলাইন নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬ ৫:০৫ পিএম
মুকসুদপুর থানা পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা

মুকসুদপুর থানা পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার মুকসুদপুর থানায় ঢুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থানায় পার্ক করে রাখা পুলিশের কয়েকটি গাড়ী ভাংচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লগী-বৈঠা এবং দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠি-সোঁটা,ঢাল-সড়কি নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে মিছিল সহকারে থানায় ঢুকে তান্ডব চালায় নিষিদ্ধ দলের নেতাকর্মীরা। হামলার আগেই পুলিশ সদস্যরা নিরাপদে সরে যায়। এরপর তারা উপজেলা বিএনপি অফিস ভাংচুর করেছে। তারা মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইনের পারিবারিক মার্কেট ভাংচুর করে । উপজেলার মহারাজপুরেও বিক্ষোভ মিছিল করেছে সেখানকার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সর্বত্র মিছিলের অন্যতম শ্লোগান হলো “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে”।
আজ সকালে প্রেসক্লাব গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংবাদিক জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে কতিপয় সাংবাদিক প্রেসক্লাবে প্রবেশ করে। তারা প্রেসক্লাবে অবৈধভাবে গেড়ে বসা সভাপতি জোবায়ের রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করে। গত ১৫ নভেম্বর প্রথমবার হামলার সময় জোবায়ের দলবলসহ পালিয়ে যায়। জোবায়েরের পিতা গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর ছিলেন। তবে সে সবসময় ক্ষমতাসীন দলের চাটুকারিতা করে এবং প্রেসক্লাবের ফান্ড লুটে খেয়েছে। সে একজন প্রথম সারীর চাঁদাবাজ হিসেবে পরিচিত।
এদিকে জেলা শহরে আজ দ্বিতীয় দফা হামলা চালিয়ে পুড়িয়ে দেয়া হয়ছে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবরের ক্লিনিক ও বাসভবন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংসদ সদস্য বাবরের অসুস্থ মাকে বাসভবন থেকে বের করে অন্যত্র পাঠিয়ে দেয়। দ্বিতীয় দফা হামলা চালিয়ে ভাংচুর করে মডেল স্কুল রোডের এফএনএফ বাজার নামে একটি সুপার শপ। একই দিন সকালে নিষিদ্ধ দলের নেতাকর্মীরা জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচখান মঞ্জুর লঞ্চঘাটস্থ বাসভবন ভাংচুর করে ।
সদর উপজেলার বিজয়পাশায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর উত্তেজিত নেতাকর্মীরা বিজিবি ও এসআরবি-৬ এর একটা গাড়ীতে হামলা চালায়। তারা মহাসড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ করে। বিজিবি ও এসআরবি’র গাড়ী দুটি দ্রুত স্থান ত্যাগ করে চলে যেতে সক্ষম হয়। জানা গেছে একই উপজেলার কংশুরে বিজিবির সাথে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।এতে কেউ আহত হয়েছে কিনা তা জানা যায় নাই। অত্র এলাকায় লকডাউন কর্মসূচি বাস্তবায়নে বিশেষ ভুমিকা পালন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নজরুল ইসলাম সিকদার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান লকডাউন কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সাথে ফের যোগ দিয়েছে বিএনপির ছত্রছায়ায় থাকা কিছু দলছুট নেতা। তাদের মধ্যে সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত ভুইয়া,বৌলতলি ইউনিয়নের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস,উলপুরের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাবুল,উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি মেম্বার তরিকুল মোল্লা প্রমুখ। উলপুরের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল কয়েক মাস আগে নিজড়ার আওয়ামী লীগ নেতা ও সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেনের সাথে একই মঞ্চে বিএনপিতে যোগদান করে। পরে মেম্বার তরিকুল মোল্লাও বিএনপিতে যোগদান করে গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা.কেএম বাবরের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে। এ বিষয়টি সবার জানা। নব্য বিএনপির অনেকেই পলাতক রয়েছে বলে জানা গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল চলছিলো।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...