গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড অব্যাহত
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড অব্যাহত

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : জেলার কাশিয়ানীতে আবু আলম নামে পুলিশের এক পরিদর্শককে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তিনি বরগুনা পুলিশ লাইন্সে কর্মরত হলেও কাশিয়ানীতে টহলের দায়িত্বে ছিলেন। আজ বুধবার সকালে বেলা ১১টার দিকে তাকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে কুপিয়ে জখম করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে গেলে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাশিয়ানি থেকে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে ঢাকা-খুলনা মহাসড়কের উপর গাছ ফেলে ব্যারিকেড তৈরি করা হয়েছে।
জেলার কোটালিপাড়া উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের অফিস খুলে ভেতরে প্রবেশ করেন। পরে তারা অফিসের সামনে দীর্ঘক্ষন বসে থাকেন। উপজেলার কান্দি ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাংচুর করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
টুঙ্গিপাড়া উপজেলায় আজ সকালেও বিশাল শোডাউন করেছে ওই নিষিদ্ধ দলটি। টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা ব্যাগবোচকা নিয়ে থানা ছেড়ে চলে গেছে। থানায় আক্রমণকারী কথিত নেতার সাথে যাওয়ার আগে মোলাকাত করে গেছে পুলিশ সদস্যরা। টুঙ্গিপাড়ায় ফের ৫ জন বিএনপি নেতা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পায়ে হেটে এবং মটরসাইকেল নিয়ে মিছিল করেছে। আদালতে আওয়ামীপন্থী আইনজীবী কর্মবিরতি দিয়ে প্রতিবাদ করেছে ঢাকায় একজন আইনজীবীর উপর হামলার প্রতিবাদে। তারা আদালতে কাজ করতে বাধার সৃষ্টি করে বলে জানা গেছে। জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইলিয়াস হক গোপালগঞ্জের সাংবাদিকদের প্রতি ভিডিও বার্তায় আবেদন জানিয়েছেন সংবাদ প্রকাশের জন্য “আওয়ামী লীগ” লেখার পূর্বে “কার্যক্রম নিষিদ্ধ” না লেখার জন্য। তিনি দীর্ঘদিন পালিয়ে থাকার পর সদ্য প্রকাশ্যে এসেছেন।
জেলার ৫ উপজেলার মধ্যে সদর উপজেলা, টুঙ্গিপাড়া, কোটালিপাড়া এবং কাশিয়ানিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলসহ সহিংসতা করলেও মুকসুদপুর উপজেলা ব্যাতিক্রম। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায় নাই। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গতকাল ঢাকায় ফিরে গেছেন সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য। তিনি একদিন আগে ঢাকা থেকে মুকসুদপুর এসেছিলেন। গোপালগঞ্জের অপর দুই সংসদ সদস্যও ঢাকায় অবস্থান করছেন একই কারনে।
