মান্দাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান, প্রসাদপুর ঘাটে সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন

গোলাম রাব্বানী
১৮ নভেম্বর ২০২৬ ৬:৪৪ পিএম
মান্দাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান, প্রসাদপুর ঘাটে সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন

একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন আত্রাই নদীর দুই পাড়ের মানুষ। বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে বাঁশের সাঁকোই ছিল তাঁদের নদী পারাপারের ভরসা। অবশেষে সেই দুর্ভোগের অবসানের স্বপ্ন বাস্তবায়নের পথে। নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ঘাটে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এ খবরে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশায় আনন্দিত হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রসাদপুর ঘাটে আত্রাই নদীর ওপর সেতু না থাকায় দুই পাড়ের মানুষের যোগাযোগে দীর্ঘদিন ধরে ভোগান্তি রয়েছে। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে দুর্ভোগ চরমে পৌঁছায়। সেতুটি নির্মিত হলে মান্দার সঙ্গে নদীর অপর পাড়ের মানুষের যোগাযোগ সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

অনেকেই সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের দাবি পূরণে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তাঁদের মতে, প্রসাদপুর ঘাটে এই সেতু নির্মাণ শুধু নদীর দুই পাড়কে সংযুক্ত করবে না, বরং এলাকার মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...