গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার ৫
কাশিয়ানি উপজেলা যুবলীগ সভাপতি কাজি তুহিন ঢাকায় গ্রেফতার

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : জেলার কাশিয়ানি উপজেলা যুবলীগের সভাপতি কাজী তুহিনকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গতকাল সোমবার সন্ধ্যায় গ্রেফতার করেছে এসআরবি-২ এর সদস্যরা। তাকে গোপালগঞ্জ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
এদিকে গোপালগঞ্জ জেলায় যৌথবাহিনী ৪টি দলের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত । গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের ফারুক মোল্লা। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে গোপালগঞ্জে সরকারবিরোধী কার্যকলাপ, ভাংচুর, নাশকতা ও অগ্নিসংযোগ সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি ওই ইউনিয়ন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-সমাবেশে শতশত কর্মী সংগ্রহ করে।
গ্রেপ্তারকৃত অপরজন হলেন একই এলাকার অসিকুল সরদার। তিনি সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি সম্প্রতি গোপালগঞ্জে বিভিন্ন মিছিল-সমাবেশ ও নাশকতা কাজ এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মুকসুদপুর উপজেলায় অভিযান চালিয়ে শফিউল আলম ও কাইয়ুম শেখ নামের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে উস্কানি দেয়া এবং সংগঠক ও আয়োজক হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ৭টি মোবাইলফোন জব্দ করা হয়েছে, যা থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে গণমাধ্যমকে জানায় যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা সরকারবিরোধী কর্মসূচির সঙ্গে জড়িত ছিলো বলেও জানানো হয়।
এছাড়াও জেলার টুঙ্গিপাড়া উপজেলায় গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মসূচি চলাকালে এক কিশোর গ্যাং সদস্য প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে গালিগালাজ করে ও হুমকি দেয়। ওই কিশোর গ্রেফতার হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অজ্ঞাতনামা ওই কিশোরের গালিগালাজ করার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল কবির বলেন,আমি ১৭ নভেম্বর মঙ্গলবার টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছি। তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি আমার জানা নেই। সে থানা হেফাজতে নেই। ফেসবুকে কি প্রচার হচ্ছে তা জানা নেই। তবে সেটি গুজব। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কিশোরের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
