নিয়ামতপুরে বিশ্ব টয়লেট দিবস উদযাপন, নিরাপদ স্যানিটেশনের ওপর গুরুত্বারোপ

“নিরাপদ টয়লেট, সমতার আগামী” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব টয়লেট দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিয়ামতপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশনের CLIMB প্রকল্পের আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে অর্থায়ন করে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (SIDA)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম (রতন), ইউপি প্রশাসনিক কর্মকর্তা মেহেদি হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (DPHE) পরিদর্শক মো. আকরাম হোসেন, নিয়ামতপুর পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সামিউল, উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক মো. আনোয়ার হোসেন এবং CLIMB প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আশরাফুল ইসলাম।
এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্য, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সিভিও কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন CLIMB প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার (CM) সুনীল কুমার রয়।
আলোচনা সভায় নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, জলবায়ু সহনশীল পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) ব্যবস্থা গড়ে তোলা এবং ইউনিয়ন পরিষদের WASH স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে স্যানিটেশন সেবার সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য ব্যবহার উপযোগী ও নিরাপদ টয়লেট নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি CBO সদস্যদের অংশগ্রহণে স্বাস্থ্যসম্মত টয়লেটের পক্ষে এবং অস্বাস্থ্যকর টয়লেটের বিপক্ষে দুটি দলে বিভক্ত হয়ে সচেতনতামূলক বিতর্ক অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন শুধু সুস্বাস্থ্যের জন্যই নয়, বরং নারী, শিশু ও প্রতিবন্ধীসহ সবার মর্যাদা, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে পরিবার থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
