গোপালগঞ্জে ব্রি বিনামূল্যে ধানবীজ বিতরন শুরু করেছে
গোপালগঞ্জে ব্রি বিনামূল্যে ধানবীজ বিতরন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জে ১১ টন বীজ ধান বিনামূল্যে বিতরণ কর্মসুচী শুরু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
জানা গেছে, ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ব্রি ধান ১০৮ জাতের বীজধান গোপালগঞ্জসহ ৩ জেলায় বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়াও ব্রি হাইব্রীড ধান-৩, ব্রি হাইব্রীড ধান-৫ ও ব্রি হাইব্রীড ধান-৮ জাতের ধানবীজ বিতরণ করা হবে।
ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় চত্বরে গতকাল সোমবার (১৬ নভেম্বর) পার্টনার প্রকল্পের আওতায় বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান। ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালযয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড.হুমায়ূন কবির বক্তিয়ার, সাইন্টিফিক অফিসার শাহারিয়ার কবির, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লোকমান হাকিম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে অতিথিরা কৃষক ও কৃষাণীদের হাতে বীজধান তুলে দেন।
ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম জাহিদ হোসেন বলেন, আমাদের কার্যালয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত গোপালগঞ্জ, বাগেরহাট ও নড়াইল জেলায় ছড়িয়ে দিতে কাজ করে আসছে।
প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড.মো.মামুনুর রহমান বলেন, পার্টনার প্রকল্পের আওতায় এই ৩ জেলায় ১০ টন ব্রি ধান ১০৮ জাতের ধান বীজ ও ১ টন ব্রি হাইব্রীড ধান-৩, ব্রি হাইব্রীড ধান-৫ ও ব্রি হাইব্রীড ধান-৮ জাতের ধান বীজ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ধানবীজ আবাদ করে কৃষক ধানের উৎপাদন বৃদ্ধি করে লাভবান হবেন ।
