গোপালগঞ্জ-২ আসনের এমপি বাবরসহ কয়েকজন বিএনপি নেতার বাড়ী ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ
গোপালগঞ্জ-২ আসনের এমপি বাবরসহ কয়েকজন বিএনপি নেতার বাড়ী ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : আজ বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়িতে তিনটি ককটেল ফাটিয়ে আগুন দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসময় সংসদ সদস্য বাবর বাড়ীতে ছিলেন না।
জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত সংসদ সদস্যের আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং বাড়িতে ভাংচুর চালানোর পর আগুন দেন নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর আহ্বায়ক ওমর ফারুক খানসহ বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের উল্লাস করতে ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা সংসদ সদস্য বাবরের ক্লিনিক থেকে রোগীদের বের করে দেয়।
আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের মোহাম্মদপাড়া এলাকায় অবস্থিত বিএনপি নেতা ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর এম.মাহবুব আলী সোহেলের মার্কেট এবং নিজস্ব অফিসে হামলা চালিয়েছে। একই এলাকার জেলা ছাত্রদলের সদস্য সচিব সাজিদ খানের মোটরসাইকেল শোরুমে আগুন লাগিয়ে দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে সদর উপজেলার নিজড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানা কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনা করে ভেতর থেকে প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে।
জেলার মুকসুদপুর উপজেলা আজ সন্ধ্যার আগ পর্যন্ত শান্ত থাকলেও পরিস্থিতি ক্রমান্নয়ে উত্তপ্ত হয়ে উঠছে। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল শিকদারের নেতৃত্বে জলিরপাড় বাজারে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
