ইসলামপুরে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি আপোসে বণ্টন করে দিল জেলা লিগ্যাল এইড অফিস

ইসলামপুরে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি আপোসে বণ্টন করে দিল জেলা লিগ্যাল এইড অফিস

জামালপুরের ইসলামপুর উপজেলায় দীর্ঘদিনের একটি বিরোধপূর্ণ জমির শান্তিপূর্ণ ও আপোস মীমাংসা করে দিয়েছে জামালপুর জেলা লিগ্যাল এইড অফিস। লিগ্যাল এইড আইন, ২০০০-এর ২২ ধারা অনুযায়ী উভয় পক্ষের সম্মতিতে এই জমি বণ্টন ও সীমানা চিহ্নিত করে দেওয়া হয়। জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের মৃত জুল হাবেজ আকন্দের ছেলে জিয়েল হক এবং একই গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে মো. লাল চান আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।

এ বিষয়ে জিয়েল হক জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করলে (স্মারক নম্বর: ১৭৫২/২৬, রেজিস্ট্রেশন নম্বর: MED-JAM-20260706-0001458) অফিসের পক্ষ থেকে মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হয়। গত ১১ নভেম্বর জেলা লিগ্যাল এইড অফিসে এক মধ্যস্থতা সভা অনুষ্ঠিত হয়। জামালপুরের জেলা লিগ্যাল এইড অফিসার এ. কে. এম. ছিফাতুল্লালহ সভাপতিত্বে সভায় আবেদনকারী জিয়েল হক ও প্রতিপক্ষ মো. লাল চান আকন্দসহ উভয় পক্ষের সাক্ষীরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ও সরেজমিনে জমি পরিমাপ করে দেখা যায়, ইসলামপুর থানার গাইবান্ধা মৌজার বিআরএস ১৮৬২ ও ৩০৬৫ নম্বর খতিয়ানের ৫০৩৮ নম্বর দাগে ৩৫ শতাংশের পরিবর্তে ৩১ শতাংশ জমি ভোগদখলে রয়েছে। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিক্রমে ওই ৩১ শতাংশ জমির মধ্য থেকে মো. লাল চান আকন্দ গংকে ২৪ শতাংশ এবং অবশিষ্ট ৭ শতাংশ জমি জিয়েল হককে বুঝিয়ে দেওয়া হয়।

চুক্তি অনুযায়ী, জিয়েল হককে বুঝিয়ে দেওয়া ৭ শতাংশ জমির উত্তরে ওয়াজ কুরুনি, দক্ষিণে লাল চান গং, পূর্বে হুদা (বিএসসি) এবং পশ্চিমে ওয়াজ কুরুনির জমি রয়েছে। সরেজমিনে চারপাশের সৌহদী সীমানা চিহ্নিত করে দেওয়ায় উভয় পক্ষ সন্তুষ্টি প্রকাশ করে মধ্যস্থতা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে উল্লেখ করা হয়, উভয় পক্ষ স্বেচ্ছায় এই আপোস মীমাংসা মেনে নিয়েছেন।

ভবিষ্যতে কোনো পক্ষ এই চুক্তির শর্ত লঙ্ঘন করলে অপর পক্ষ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। দীর্ঘদিনের জটিল এই বিরোধ আদালতের বাইরে অল্প সময়ে ও বিনা খরচে নিষ্পত্তি হওয়ায় স্থানীয়রা জেলা লিগ্যাল এইড অফিসের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...