সিংড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ-মানববন্ধন

সিংড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ-মানববন্ধন

নাটোরের সিংড়া উপজেলার জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সচেতন নাগরিকরা।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন অভিযোগসংবলিত ব্যানার ও সবুজ কাপড় নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করেন এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং আর্থিক অসংগতির অভিযোগ রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে তাঁর অসৌজন্যমূলক আচরণের বিষয়টিও তুলে ধরেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে টিউশন ফির ৭ লাখ ৬৬ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। তাঁদের অভিযোগ, ওই অর্থের যথাযথ হিসাব পাওয়া যাচ্ছে না এবং টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান তাঁরা।
এ সময় বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার অন্যতম স্থান। সেখানে অনিয়ম, দুর্নীতি কিংবা স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ থাকা উচিত নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাই উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
অন্যদিকে, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে সাজানো অভিযোগ দেওয়া হয়েছে। আমার কাছে ২ লাখ ৭৬ হাজার টাকা রয়েছে। এ টাকার হিসাব যেকোনো সময় দাখিল করতে পারব।’
এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেকেন্দার আলী বলেন, ‘এ বিষয়ে অভিযোগ উঠেছে। আমরা বিষয়টি তদন্ত করব। একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...