গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন
গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার কমপক্ষে দুটি গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নী সংযোগের ঘটনা ঘটেছে। ওই দুটি শাখা হলো সদর উপজেলার উলপুর এবং টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি শাখা। গতকাল রোববার দিবাগত রাতে পৃথক সময়ে গ্রামীন ব্যাংকের ওই দুটি শাখায় আগুন লাগানোর পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
অগ্নীকান্ডের ফলে শাখা দুটির গুরুত্বপূর্ন নথিপত্র এবং নগদ টাকা পুড়ে গেছে। গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ম্যানেজার আফরোজা আখতার নিমা জানান,গতকাল রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকে ঢুকে আগুন লাগিয়ে দেয়। এসময় তারা সিসি ক্যামেরাগুলি ভেঙ্গে ফেলে এবং ডিস্ক নিয়ে যায়। কর্মীরা অক্ষত আছে। তবে সকলেই আতংকিত। এ বিষয়টি গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজারকে জানানো হয়েছে। টুঙ্গিপাড়া শাখার সেকেন্ড অফিসার লাভলু বলেন,শাখার সকল নথিপত্র ও টাকা পুড়ে গেছে। দুর্বৃত্তরা সন্ধ্যার আগে ব্যাংকে ঢুকে আগুন লাগিয়ে দেয়। আমরা ভয়ে দৌড়ে বেরিয়ে যাই। কর্মীরা সুস্থ আছে। গত ১০ নভেম্বর দুর্বৃত্তরা ব্যাংকে পেট্রোল বোমা ছুড়ে মারে। আমরা আতঙ্কিত অবস্থায় কাল কাটাচ্ছি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চলমান আন্দোলনের অংশ হিসেবে এ ধরনের নাশকতার ঘটনা ঘটিয়েছে।
আওয়ামী বাহিনী সদর উপজেলার ঘোনাপাড়া বিএনপি নেতাদের দোকান ভাংচুর ও অগ্নীসংযোগ করেছে। তারা সেখানকার বাস কাউন্টারসমুহ ভাঙ্গাচোরা করেছে।
এদিকে গতকাল রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে কোথাও কোথাও ধরপাকড় ও তল্লাশি চালিয়েছে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে শতাধিক ব্যাক্তিকে আটক করা হয়েছে, যারা গত কয়েকদিন ধরে নাশকতামুলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে সন্দেহ রয়েছে।
গতকাল সোমবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের অফিসে জাতীয় পতাকা ও আওয়ামী লীগ দলীয় পতাকা উত্তোলন করে প্রায় আড়াই বছর পর নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করে।
পাটগাতি ব্রীজের গোড়ার দিকে গহরডাঙ্গা চোরঙ্গী মোড়ে আওয়ামী দুর্বৃত্তরা কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করেছে।
একই দিন সকালে গোপালগঞ্জ জেলা শহরের কাড়ারগাতি এলাকায় ৭ মার্চ চত্বরে জেলা যুবলীগ নেতাকর্মীরা জড়ো হয় জেলার সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হিটু,হামিজুর রহমান প্রমুখের নেতৃত্বে।
জেলার দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন চলমান অবস্থা বিবেচনায় চাহিদা মোতাবেক জেলার আইনশৃঙ্খলা রক্ষায় কেবলমাত্র গোপালগঞ্জ জেলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
