টুঙ্গিপাড়ায় গাড়ি ভাংচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

অনলাইন নিউজ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬ ১১:১২ এএম
টুঙ্গিপাড়ায় গাড়ি ভাংচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

টুঙ্গিপাড়ায় গাড়ি ভাংচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার টুঙ্গিপাড়ায় গাড়ি ভাংচুর ও অগ্নী সংযোগ মামলার বাদী পুলিশের এসআই মোসলেমকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ঘটনার পর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে সংশ্লিষ্ট টুঙ্গিপাড়া থানা কর্তৃপক্ষ দাবী করেছে। পুলিশ সদস্যের নিরাপত্তার বিষয়টিও প্রসংগক্রমে সামনে এসেছে। আহত ওই পুলিশ সদস্যের সুচিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান কাজ বলে পুলিশ কর্মকর্তারা মনে করে।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে গতকাল রোববার (১৫ নভেম্বর) বিকালে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন মোট ২২২৪ জনের নামে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দিনভর তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এবং বিক্ষোভ, ভাংচুরসহ নানা সহিংসতা চালান। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপভ্যানে ভাংচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদ্য বদলীর আদেশ প্রাপ্ত) মো: আয়ুব আলী বলেন, রোববার বিকালে একদল দুর্বৃত্ত হঠাৎ করে এসআই মোসলেম আলীর মোটরসাইকেল রোধ করে হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...