মুকসুদপুরে ১৫ টি যানবাহনের মধ্যে সৃষ্ট সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এক দুর্ঘটনাকে কেন্দ্র করে ১৫ টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস কাজী (৫০) গুরুতর আহত হয়। তাঁকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো। ঢাকা নেয়ার পথে বেলা ৩ টার দিকে তিনি মৃত্যুবরন করেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে।
এমপি সেলিমুজ্জামান ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা মুকসুদপুরে যাচ্ছিলেন। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে । তবে তিনি অক্ষত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একটি ট্রাকের পিছনে ডলফিন পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা মারে। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক পরস্পরের সঙ্গে ধাক্কা খায়।
এ ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১৫ টি যানবাহন সংঘর্ষে পতিত হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম সুস্থ আছেন বলেও ওই কর্মকর্তা গণমাধ্যমকে অবহিত করে।
