গোপালগঞ্জের সাম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সরকারী জমি দখলের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের এক সাম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে ইটভাটা পরিচালনা, পরিবেশ দূষন,রাস্তা বিনষ্টসহ জনদূর্ভোগ সৃষ্টির গুরুতর অভিযোগ উঠেছে। তিনি হলেন পাইককান্দি ইউনিয়নের সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ শেখ।
সরেজমিন সাম্ভাব্য ওই চেয়ারম্যান প্রার্থীর মালিকানাধীন শেখ ইটভাটায় গিয়ে দেখা গেছে ঘোড়াদাইড় গ্রামে মধুমতি নদীরপাড় জুড়ে
বিস্তৃত এলাকা দখল করে প্রতিবছরের ন্যায় এবছরও ইট তৈরির প্রস্তুতি নিচ্ছে কর্মীরা। এতে কয়েক একর জমি তার দখলভুক্ত হয়েছে।
মধুমতি নদীর পাড় এলাকায় ইটভাটা তৈরি করায় কৃষি জমি এখন সেখানে আর চোখে পড়েনা। তার ইটভাটার পাশ্ববর্তী এলাকায় আরও বেশকয়েকটি ইটভাটা তৈরি হয়েছে। অত্র এলাকায় যত্রতত্র ইটভাটা তৈরি হওয়ায় কৃষি জমি যেমন কমেছে তেমনি ফলদ বৃক্ষ নিধন হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ ফলদ বৃক্ষগুলিতে আগের মতো আর ফল ধরেনা। বনজ বৃক্ষ উজাড় হচ্ছে ইটভাটার জ্বালানি হিসেবে ব্যবহারের কারনে। অনিয়ন্ত্রিতভাবে ইট বহনকারী ট্রলি,ট্রাক,নসিমন, ভটভটি চলাচল করায় সরকারি রাস্তাগুলি বিনষ্ট হচ্ছে। মধুমতি নদীর পাড় এলাকাসহ ঘোড়াদাইড়,পুখুরিয়া, চরপুখরিয়া, পাটকেলবাড়ী,তালা,চরতালা,গোপালপুর, চরগোপালপুর,কেকানিয়াসহ বিভিন্ন গ্রাম থেকে কৃষি জমির টপসয়েল ব্যবহৃত হচ্ছে ইটভাটায়। শেখ ইটভাটার মালিক ও পাইককান্দি ইউনিয়নের সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একজন আওয়ামীলীগ নেতা বলে জানা গেছে। এলাকাসীরা ভয়ে তার ব্যাপারে কথা বলতেও সাহস পায়না।
এসব অভিযোগ সম্পর্কে সত্যতা যাচাইয়ের জন্য কয়েকবার শেখ ইটভাটায় গিয়েও হাফিজ শেখকে পাওয়া যায়নি। তিনি মোবাইল ফোনে কথা বলতেও আগ্রহ প্রকাশ করেননি। শেখ ইটভাটার ম্যানেজার নান্নু খান (৪৫) ইটভাটা সংক্রান্ত কাগজাদি দেখাতে অপারগ জানিয়ে বলেন,আপনারা যা দেখেছেন তাই লিখে দেন। তাতে কিছু আসে যায়না। হাফিজ শেখ ও তার ভাইরা একাধিক ইটভাটা পরিচালনা করে আসছে বছরের পর বছর ধরে। কেউ তাদের কিছু করতে পারেনি।
এ ব্যাপারে জানার জন্য পাইককান্দি ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা বিপুল বাগচীর সাথে আলাপ করে সদুত্তর পাওয়া যায় নাই।
