শিক্ষার্থীদের নেতৃত্বে পরিবেশ সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ দেখতে ধনজইল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইইউ ও NETZ প্রতিনিধিদল

নওগাঁ প্রতিনিধি:
১২ নভেম্বর ২০২৬ ৪:৫১ পিএম
শিক্ষার্থীদের নেতৃত্বে পরিবেশ সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ দেখতে ধনজইল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইইউ ও NETZ প্রতিনিধিদল

স্টুডেন্ট ফোরামের কার্যক্রম, পরিবেশবান্ধব উদ্যোগ ও অধিকারভিত্তিক থিয়েটার পরিবেশনা প্রত্যক্ষ করলেন প্রতিনিধিরা

নওগাঁর মহাদেবপুর উপজেলার ধনজইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও NETZ Bangladesh-এর প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার চেরাগপুর ইউনিয়নের ধনজইল উচ্চ বিদ্যালয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরাম ও থিয়েটার গ্রুপের সাংগঠনিক কার্যক্রম, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্যবিধি চর্চা, তথ্য অধিকার (আরটিআই) বিষয়ে সচেতনতা এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক উদ্যোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। পাশাপাশি অধিকারভিত্তিক থিয়েটার পরিবেশনার মাধ্যমে সামাজিক সচেতনতা, শিক্ষার্থীদের অধিকার এবং বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নেতৃত্বের মাধ্যমে পরিচালিত এসব কার্যক্রম প্রত্যক্ষ করেন অতিথিরা।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দলের ফার্স্ট কাউন্সেলর অ্যান্ড হেড অব সেকশন (গ্রিন ইকোনমি অ্যান্ড পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট) মি. Tobias Behrmann, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার মিস Lule Valentina Lucchese এবং NETZ Bangladesh-এর চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর মি. Max Stille. এছাড়াও NETZ Bangladesh-এর প্রজেক্ট ম্যানেজার সারা খাতুন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আকরামুল হক, ENGAGE Project-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ রুহুল আমিন এবং টেকনিক্যাল অফিসার তামান্না মোশারাত জাবিন। পুরো পরিদর্শন কার্যক্রমের সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন ধনজইল উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরামের দায়িত্বপ্রাপ্ত ফিল্ড ফ্যাসিলিটেটর মিলীতা র্মূমু।

এ পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, পরিবেশবান্ধব বিদ্যালয় গঠন, অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...