গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও কলেজ শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১ মাসের শিশুসহ দুইজন নিহত হয়েছে।
গতকাল রোববার (৮ নভেম্বর) গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।
ওইদিন রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোবরা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারজিল সিকদার গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা শাহ আলম সিকদারের ছেলে। তাঁর মা নিরালা বেগম পৌর মহিলা দলের সভানেত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে সারজিল মোটরসাইকেল চালিয়ে ঘোনাপাড়া থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। গোবরা মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এঘটনায় সারজিল গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকাী কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহনের বিষয়ে তথ্য সংগ্রহ করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এদিকে সারজিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. কে.এম. বাবরসহ বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে নিহতের স্বজনদের সান্ত্বনা দেন।
এছাড়াও জেলার কোটালীপাড়ায় মায়ের কোল থেকে পড়ে এক মাস বয়সের শিশু রিফাতের মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার কুরপালা নামক এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে মায়ের কোলে ভ্যানে করে নানা বাড়ি পূর্ণবতী গ্রামে যাচ্ছিলো রিফাত । যাওয়ার পথে ভ্যানের চাকায় মায়ের বোরকা পেচিয়ে গেলে রিফাত মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। রিফাত আগৈলঝাড়ার আমবৈলা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।০৯/১১/২৬ ইং।
