পত্নীতলায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৭, মোবাইল কোর্টে কারাদণ্ড

গোলাম রাব্বানী, নওগাঁ:
২০ নভেম্বর ২০২৬ ১০:১৫ এএম
পত্নীতলায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৭, মোবাইল কোর্টে কারাদণ্ড

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ সাতজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতটি মামলায় প্রত্যেককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পত্নীতলা থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ‘খ’ সার্কেল, নওগাঁর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পত্নীতলা উপজেলার কাদিয়াল গ্রামের মো. মিলন (৪০), পার্বতীপুর গ্রামের কাঞ্চন (২৮), ফহিমপুর গ্রামের খোকন ভূঁইয়া (২২), ফয়েমপুর স্কুলপাড়া গ্রামের চঞ্চল ভূঁইয়া (২৬), ফয়েমপুর গ্রামের মনিলাল (৩৫), ফয়েমপুর স্কুলপাড়া গ্রামের মো. আতিকুর ইসলাম এবং মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের সুবল (৩৬)।

আটক চারজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অপর তিনজনকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মোট ৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এর মধ্যে সাতটি মামলায় সাতজনকে সাজা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো নিয়মিত মামলা হয়নি।

অভিযানে প্রসিকিউশন দাখিল ও এজাহারকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ‘খ’ সার্কেল, নওগাঁর উপপরিদর্শক মো. আতোয়ার হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...