চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে ৯ ট্রেন চলাচল বন্ধ
চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে ৯ ট্রেন চলাচল বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে ৯টি আন্ত:নগর ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়া রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্ত:নগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে।
বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলি হচ্ছে জাহানাবাদ (৮২৬), রূপসী বাংলা (৮২৭), রূপসী বাংলা (৮২৮), ভাটিয়াপাড়া এক্সপ্রেস (১০৩-১০৪), অভিযাত্রী কমিউটার (১৩৫-১৩৬), টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩-৭৮৪)। এরমধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও অভিযাত্রী কমিউটার ট্রেনের যাওয়া-আসা উভয় যাত্রা বন্ধ। এ ছাড়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।
রেলওয়ের একটি সূত্র জানায়, গোপালগঞ্জ জেলার রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে বন্ধ বা গন্তব্য সীমিত করা ট্রেনগুলি অন্য জেলার মধ্য দিয়ে চলাচল করবে।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন অতিক্রম করে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। অন্যদিকে, ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছায়।
এ ব্যপারে আলাপ করা হলে রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, পুরোপুরি বন্ধ নয়। তবে ৯টি ট্রেন গোপালগঞ্জ জেলা দিয়ে চলাচল করবে না। ট্রেনগুলি পার্শ্ববর্তী জেলা দিয়ে চলাচল করবে।
