গোপালগঞ্জে আমনের আশানুরূপ ফলনে কিষানকিষানীর মুখে পরিতৃপ্তির হাসি

অনলাইন নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৬ ৯:০২ পিএম
গোপালগঞ্জে আমনের আশানুরূপ ফলনে কিষানকিষানীর মুখে পরিতৃপ্তির হাসি

গোপালগঞ্জে আমনের আশানুরূপ ফলনে কিষানকিষানীর মুখে পরিতৃপ্তির হাসি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার সর্বত্র আমন ধান কর্তন প্রায় শেষ পর্যায়ে। চারিদিকে নবান্নের আমেজ। দীর্ঘ কয়েক মাস হাড়ভাঙ্গা খাটুনীর পর ঘরে এসেছে নতুন ধান। সোনালী ধানের সুবাসে মৌমৌ করছে চারিদিক। কিষানকিষানীর মুখে পরিতৃপ্তির হাসি। মনের আশা পুরনে আর স্বপ্ন পরিকল্পনার সম্যক বাস্তবায়নে পরিবারে ভালোবাসার বন্ধন। বাঙালী জীবনে চাওয়াপাওয়া এরই মাঝে বিদ্যমান বটে।
গোপালগঞ্জ জেলায়-২০২৬ সালের আমন মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ১২,৩০৮ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এতে সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭,২৩২ টন।
গোপালগঞ্জে রোপা আমন মৌসুমে হাইব্রিড, উফশী (উচ্চ ফলনশীল) এবং স্থানীয় জাতের ধান চাষ করা হয়।
সাম্প্রতিক সময়ে ব্রি ধান ১০৩ গোপালগঞ্জের কৃষকদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
জনপ্রিয় ও উপযোগী জাতসমূহের মধ্যে ব্রি ধান ১০৩ অন্যতম। এটি একটি উচ্চ ফলনশীল ও চিকন চালের জাত। জীবনকাল প্রায় ১২৮-১৩৩ দিন এবং হেক্টরপ্রতি ফলন ৬.২ থেকে ৮.০ টন পর্যন্ত হতে পারে। গোপালগঞ্জে কম খরচে ভালো ফলন ও দ্রুত কাটার সুবিধার কারণে এজাতের ধান চাষ বৃদ্ধি পাচ্ছে ।
এছাড়াও ব্রি ধান ৭৫ একটি স্বল্প জীবনকালীন ও সুগন্ধি উফশী জাত। এর জীবনকাল প্রায় ১১৫ দিন। এজাতের চাষ করলে দ্রুত ধান কাটার পর একই জমিতে সরিষা, আলু বা শাকসবজির মতো রবি ফসল চাষ করা যায়।
ব্রি ধান ৮৭ আরও একটি আমন মৌসুমের জনপ্রিয় উফশী জাত। এ জাতের জীবনকাল ১২৫-১৩০ দিন এবং গড় ফলন হেক্টরে প্রায় ৬.৫ টন। ব্রি ধান ৯০ হলো প্রিমিয়াম কোয়ালিটির রোপা আমন। জাতটির গড় ফলন হেক্টরপ্রতি প্রায় ৫ টন।
অন্যান্য উফশী ও স্থানীয় জাতের মধ্যে গোপালগঞ্জে বিআর ১১, ব্রি ধান ৪৯, ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২সহ বিভিন্ন উফশী ও স্থানীয় জাতের রোপা আমন আবাদ হয়। জনপ্রিয় উচ্চফলনশীল জাতের মধ্যে গোপালগঞ্জে বিনাধান-২৬ অন্যতম বলেও জানা গেছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গোপালগঞ্জ কার্যালয় এবং গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আমন মৌসুমের জন্য উল্লেখযোগ্য হাইব্রিড জাতগুলোর মধ্যে রয়েছে ব্রি হাইব্রিড ধান-৪ এবং ব্রি হাইব্রিড ধান-৬। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় পর্যায়ে ব্রি হাইব্রিড ধান-৫, হীরা ধান-৬, এরাইজ ধানি গোল্ড এবং এরাইজ ৭০০৬ আমন জাত হিসেবে আলোচিত। গোপালগঞ্জে ব্রি হাইব্রিড ধান-৮ চাষাবাদে ভালো ফলনের খবর পাওয়া গেলেও সেটি মূলত বোরো মৌসুমের জাত। ব্রি হাইব্রিড ধান-৪ ও ব্রি হাইব্রিড ধান-৬ ব্রি উদ্ভাবিত আমন মৌসুমের হাইব্রিড জাত।
গোপালগঞ্জে রোপা আমনের স্থানীয় বা দেশি জাতের মধ্যে কুমরাগোর, কাজলশাইল, কার্তিকশাইল, নাজিরশাইল এবং কালিজিরা উল্লেখযোগ্য।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে, আধুনিক উফশী ও হাইব্রিড ধানের পাশাপাশি গোপালগঞ্জের নিচু ও বিল এলাকায় এখনো উল্লেখযোগ্য পরিমাণ জমিতে স্থানীয় জাতের রোপা আমন চাষ হয়।
গোপালগঞ্জের নিচু জমি ও জলাবদ্ধতা সহনশীল এলাকায় যেসব ধান বেশি চাষ হয় তারমধ্যে একটি হলো কুমরাগোর। এটি এই অঞ্চলের অত্যন্ত পরিচিত একটি স্থানীয় জাত। এজাতের ধান গাছ কিছুটা লম্বা হয় এবং নিচু জমির পানি সহ্য করতে পারে।
কাজলশাইল ও কার্তিকশাইল হলো তুলনামূলক মাঝারি থেকে নিচু জমিতে চাষ উপযোগী প্রচলিত দেশি জাত। মৌলতা ও বালাম জাত গোপালগঞ্জসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ঐতিহ্যগতভাবে চাষ হয়ে আসা মোটা ও মাঝারি চালের জাত। একই ধরনের হিজলদিঘা,ঢেপা,বাজাল ও গাবুরা পানি সহনশীল হওয়ায় বিল এলাকার জমিগুলোতে এগুলোর চাষ দেখা যায়।
চিকন ও সুগন্ধি স্থানীয় জাতের মধ্যে কালিজিরা পোলাও ও পায়েসের জন্য জনপ্রিয় ছোট দানার সুগন্ধি ধান। নাজিরশাইল হলো চিকন ও ঝরঝরে ভাতের জন্য পরিচিত একটি ঐতিহ্যবাহী জাত।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ও কাশিয়ানি উপজেলার ফুকরা গ্রামে প্রচুর পরিমানে নাজিরশাইল ধান চাষ হয়েছে বলে সরেজমিন গিয়ে জানা গেছে। কৃষকরা ধান কাটছে দেখে জমির মালিক ফরিদ আহমেদ খান (৭২) নামে একজনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি গত ৫ বছর যাবৎ নাজিরশাইল জাতের ধান চাষ করি। আমার ৫২ শতকের একবিঘা জমিতে ২০-২৫ মন ধান হয়। আমি সারা বছরের খাবার চাহিদা এই ধান দিয়ে মেটাই। আমার মতো অনেকেই নাজিরশাইল জাতের ধান চাষ করে। রত্না বেগম (৪০) নামে একজন মহিলা জানান অত্র এলাকায় নাজিরশাইল খুব জনপ্রিয়। তাই অনেকেই এ জাতের ধান চাষ করে থাকে।
চিনিগুড়, বাঁশফুল ও তুলসীমালা সীমিত পরিসরে কৃষকরা পারিবারিক চাহিদার জন্য চাষ করে থাকেন।
গোপালগঞ্জে রোপা আমন মৌসুমে মূলত ঐতিহ্যবাহী স্থানীয় বা দেশি জাত জেলার নিচু ও বিল অধ্যুষিত এলাকার উপযোগী হওয়ায় অনেক কৃষক এখনো আবাদ করেন।
গোপালগঞ্জসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিল ও নিচু জমিতে প্রচলিত উল্লেখযোগ্য স্থানীয় জাতগুলো হলো খৈয়া মটর, কালা মানিক, কুটিআগ্নি, লক্ষ্মীদিঘা, দুধকলম, ও সাদা মোটা। এগুলো মোটা ও মাঝারি জাত।
চিকন ও সুগন্ধি ধানের মধ্যে রয়েছে চিনিগুঁড়া, কালিজিরা, এবং বাঁশফুল।
স্থানীয় জাতের ধানের ফলন উফশী বা হাইব্রিডের তুলনায় বেশ কম, যা গোপালগঞ্জে হেক্টর প্রতি গড়ে ১.২ মেট্রিক টন এর মতো হয়ে থাকে।
এসব জাতের ধান চাষে সার ও কীটনাশক খুব কম লাগে এবং রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগ সহ্য করার ক্ষমতা বেশি।
গোপালগঞ্জের কৃষকরা অধিক ফলনের আশায় বর্তমানে স্থানীয় জাতের পরিবর্তে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ব্রি ধান ৪৯, ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২, ব্রি ধান ৭৫, ব্রি ধান ৮৭, ব্রি ধান ১০৩ এবং বিনা ধান-২৬ এর মতো উফশী জাতের দিকে বেশি ঝুঁকছেন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তার জানান,রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। এবার ফলন আশানুরূপ হয়েছে। উপজেলা কৃষি অফিস স্থানীয় কৃষকদের সার্বিক সহায়তা করেছে। গ্রাম পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের ফলন ভালো হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। ফলন ভালো হওয়ায় কৃষকরা যেমন খুশি কৃষি কর্মকর্তারাও খুশি।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মামুনুর রহমান বলেন, গোপালগঞ্জে রোপা আমন খুব জনপ্রিয় ধান।এখানকার মানুষ স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উফশি জাতের ধান চাষ করে থাকে। তবে সাম্প্রতিক সময়ে হাইব্রিড ও উফশি জাতের চাষ বেশি করে কৃষকরা বেশি লাভের আশায়। তারা নিজেদের খাদ্য চাহিদা পুরনে স্থানীয় জাতের চাষ বেশি করে। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তরফ থেকে জেলার কৃষকদের সার্বিক সহায়তা দেয়ায় ফলন ভালো হয়েছে। আশা করি আগামীতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...