গোপালগঞ্জ পরিদর্শন করলেন পুলিশ, র্যাব,বিজিবি এবং আনসার ও ভিডিপির প্রধানরা
গোপালগঞ্জ পরিদর্শন করলেন পুলিশ, র্যাব,বিজিবি এবং আনসার ও ভিডিপির প্রধানরা

গোপালগঞ্জ প্রতিনিধি : সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার মধ্যে গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবু মোতালেব সাজ্জাদ মাহামুদ।
আজ শুক্রবার সকালে তারা গোপালগঞ্জ সফর করেন।
সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিতে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সৃষ্ট সাম্প্রতিক সহিংসতার খোঁজখবর নেয়ার পাশাপাশি পুড়িয়ে দেয়া থানা পরিদর্শন করার কথা রয়েছে তাদের।
গোপালগঞ্জ সফরকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশের আইজিপি আলী হোসেন ফকির বলেন, আপনারা শান্তি রক্ষার জন্য,শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে সহযোগিতা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত ভালো। আগামীতেও ভালো থাকবে। আপনারা সবাই মিলে শান্তি প্রিয় মানুষ গুলো, যারা অশান্তি তৈরি করে তাদের বিপক্ষে অবস্থান নেন। এর সংখ্যা খুব বেশি না। ভাই, এই থানাগুলো কাদের জন্য। আপনাদেরই জনগনের জন্য। আপনাদের থানা যদি আপনারা পোড়াই দেন তাহলে,তাহলে, এরা কাজ কিভাবে করবে । ল’ এবাইডিং সিটিজেন যদি না থাকে দেশে,আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন,পুলিশের সংখ্যা কতো। ধরেন,এখানে যদি দশ লাখ লোক আছে, পুলিশ আছে বিশ জন এক থানায়। যদি ওই বিশ জনের জন্য মানসিক সাপোর্ট বা সার্বিক সমর্থন না থাকে তাহলে কাজ করতে পারবে না তারা । আপনারা যদি চান পুলিশ এখানে দরকার নাই তাহলে আপনারা আপনাদের আইনশৃঙ্খলা মেইনটেইন করেন।
অভিযান চলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন,আপনারা চান? আপনারা কি চান? নাহ্,এখন চুপ থাকবেন না। বলুন কি চান। জনগন যা চাইবে সরকার তাই করবে।
এদিকে অনবরত বৃষ্টির দরুন নিষিদ্ধ দলটির কার্যক্রম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে থেমে গেলেও আগামী ক’দিনে তাদের সাম্ভাব্য কর্মসুচির মধ্যে রয়েছে চার দিনের বিক্ষোভ মিছিল, দুই দিনের মশাল মিছিল এবং দুই দিনের লকডাউন কর্মসূচি। চলতি মাসের শেষ দুই দিন লকডাউন কর্মসূচি এবং তার আগে বিক্ষোভ ও মশাল মিছিল হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
আজ কোনো কর্মসূচি না থাকলেও ঔষধ ও খাদ্যের দোকান ছাড়া গোপালগঞ্জের বেশিরভাগ দোকান ও প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাস,ট্রেনসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।
জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী চারটি বাহিনীর প্রধানদের।
