ইসলামপুরের পাথর্শী ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ৯০ এর দশকের সাবেক ছাত্রনেতা শফিউল্লাহ বুলবুল

হোসেন আলি ফকির
২৪ নভেম্বর ২০২৬ ৭:২০ পিএম
ইসলামপুরের পাথর্শী ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ৯০ এর দশকের সাবেক ছাত্রনেতা শফিউল্লাহ বুলবুল

ইসলামপুরের পাথর্শী ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ৯০ এর দশকের সাবেক ছাত্রনেতা শফিউল্লাহ বুলবুল

মোঃ হোসেন শাহ্‌ ফকিরইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নব্বইয়ের দশকের সাবেক ছাত্রনেতা শফিউল্লাহ বুলবুল।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাথর্শী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন এলাকার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব শফিউল্লাহ বুলবুল।

ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। নব্বইয়ের দশকে তিনি ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের প্যানেল থেকে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি ইসলামপুর উপজেলা যুবদলের সহসভাপতি, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং পাথর্শী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলের কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ২০১৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পাথর্শী ইউনিয়নে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তিনি। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন বলে দাবি করেছেন তার সমর্থকেরা।

পারিবারিক জীবনেও তিনি একটি শিক্ষিত পরিবারের সন্তান। তার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। পরিবারের ভাই-বোনেরাও উচ্চশিক্ষিত এবং বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত বলে জানা গেছে।

আসন্ন নির্বাচনে নিজের প্রার্থিতার বিষয়ে শফিউল্লাহ বুলবুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে পাথর্শী ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...