মুকসুদপুরের মতিয়ার ৭ শত পরিবারকে প্রতিমাসে ভোগ্যপণ্য দিয়ে সহায়তা করে

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার মুকসুদপুর উপজেলার ১০ নং দিগনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডভুক্ত খানজাপুর গ্রামের প্রবাস ফেরত যুবক মো: মতিয়ার রহমান অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের অব্যাহতভাবে সহযোগিতা করছেন। গত আট মাস যাবৎ তিনি প্রতি মাসে একবার ২ নং ওয়ার্ডসহ প্রতিবেশি বিভিন্ন ওয়ার্ডের সাত শতাধিক পরিবারকে ২লিটার সয়াবিন তেল,২ কেজি ডাল,১ কেজি চিনি, ১ কেজি আটা,১ কেজি লবন ইত্যাদি দান করছেন। প্রতি মাসের দশ তারিখে তিনি এসব সামগ্রী বিতরন করেন।
সমাজ সেবক, গনমানুষের দরদী বন্ধু বলে পরিচিত মো: মতিয়ার রহমান গনমাধ্যম কর্মীদের বলেন,আমি আরব আমিরাতের দুবাইয়ে থাকি। আমি মানুষের জন্য কাজ করতে চাই। সেজন্যই যতটুকু সম্ভব ততটুকু আমি সহায়তা করি। আমি করোনাকালীন সময়েও মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। বিভিন্নভাবে আমি এলাকার মানুষকে সাহায্য করি। বিনিময়ে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এধরনের কাজ করে আমি মনে শান্তি পাই তাই করি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এধরনের কাজ অব্যাহত রাখতে পারি।
গ্রামের বাসিন্দা রাসেদ শেখ (৫০) বলেন, মতিয়ার রহমান একজন প্রকৃত জনদরদী মানুষ। তিনি আমাদের তেল,লবন,চিনি,আটা,ডাল ইত্যাদি সামগ্রী দিয়ে সাহায্য করেন। তার সাহায্য পেয়ে অনেক পরিবার উপকৃত হচ্ছে।
দিকনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী শেখ বলেন, মতিয়ার রহমান একজন ভালো মানুষ। তিনি প্রতি মাসে সাত শতাধিক পরিবারের মাঝে একবার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য বিতরন করেন বলে আমি জানি। এসবের পাশাপাশি তিনি কণ্যাদায়গ্রস্থ পিতা,দরিদ্র শিক্ষার্থী, অসুস্থ মানুষসহ বিভিন্নভাবে অনেক মানুষকে সহায়তা করে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি।
