গোপালগঞ্জে এসি বাসের ধাক্কায় সাইকেল চালক নিহত : বিক্ষুব্ধ জনতা বাসে আগুন লাগিয়ে দিয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর ফাল্গুনী পরিবহন সার্ভিসের একটি এসি বাসের ধাক্কায় মহিবুল মোল্লা(৪৫)নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আরো ৩ পথচারী গুরুতর আহত হযন। ওই দুর্ঘটনার জের ধরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের এসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত বাইসাইকেল চালক সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসের ধাক্কায় বাইসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত হয় তিন পথচারী।নিহত মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। এসময় তাকে বাসটি ধাক্কা দেয়।
দুর্ঘটনার জের ধরে ঢাকা থেকে ছেড়ে ফাল্গুনী পরিবহনের ওই বাসে এলাকার বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে নিয়েছে। এদিকে এ ঘটনায় প্রায় দেড় ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
