বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

অনলাইন নিউজ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫ ৯:৩২ পিএম
বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি :  নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পর সোহাগ হোসেন (২২) নামের এক যুবকের মুখমন্ডল থেতলানো ও ডান চোখ উপড়ানো অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশটি উপজেলার মাঝগাও ইউনিয়নের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান ফিলিং স্টেশনের পাশে একটি ঝোপের মধ্যে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগ উপজেলার চক বড়াইগ্রামের নাজমুল ইসলামের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে তার প্রতিবেশী আকাশ ট্রলি থেকে বালু নামানোর কাজের কথা বলে সোহাগকে ডেকে নিয়ে যায়। এরপর ভোরে আকাশ একাই বাড়ি ফিরে আসে। আকাশের কাছে জানতে চাইলে সোহাগ পরে আসবে বলে জানায়। কিন্তু দুই দিনেও সে ফিরে না আসায় শুক্রবার সন্ধ্যায় নিহতের মা পারভীন বেগম থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এদিকে, শনিবার বিকেল সাড়ে পাচটার দিকে লাশটি মহাসড়কের ধারে ঝোপের মধ্যে দেখা যায়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, সাধারণ ডায়েরীর পর থেকেই আমরা তাকে উদ্ধারে তৎপর ছিলাম। কিন্তু শনিবার তার লাশ পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...