নরসিংদীর পলাশের সাবেক ছাত্রনেতা নাসিমের মৃত্যুতে শোকের ছায়া

অনলাইন নিউজ ডেস্ক
২০ জুলাই ২০২৫ ২:৩৫ পিএম
নরসিংদীর পলাশের সাবেক ছাত্রনেতা নাসিমের মৃত্যুতে শোকের ছায়া

পলাশ প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর পলাশ উপজেলার সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ মো. মনোয়ারুল ইসলাম নাসিম (৫৮) আর নেই। শনিবার ১৯ জুলাই দিবাগত রাত আড়াইটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি ঘোড়াশালের উত্তর চরপাড়ার প্রয়াত ডা. মো. নজরুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে কিডনিজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। অসুস্থতা বেড়ে যাওয়ায় সম্প্রতি তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনোয়ারুল ইসলাম নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ পলাশ উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মী ও এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন নাসিম। তিনি জামালপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস, পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সাধারণ সম্পাদক এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সবসময় সরব ছিলেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগের শাসনামলে নিজ দলের নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধেও ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর, যা তাকে সকল শ্রেণির মানুষের কাছে একজন সৎ ও নির্ভীক নেতার মর্যাদা এনে দেয়।

২০১৫ সালের পর সক্রিয় রাজনীতি থেকে কিছুটা সরে দাঁড়ালেও, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে বিরত থাকেননি তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানে। তার মৃত্যুতে পলাশ উপজেলায় একজন সৎ, সংগ্রামী ও স্পষ্টবাদী নেতাকে হারাল বলেই মনে করছেন রাজনৈতিক সহকর্মীরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...