গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ও প্রদর্শনী চলছে
গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ও প্রদর্শনী চলছে

গোপালগঞ্জ প্রতিনিধি : “দেশীয় প্রাণিসম্পদ, আধুনিক প্রযুক্তি, সম্ভাবনাময় সমৃদ্ধি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ও প্রাণিসম্পদ প্রদর্শনী চলছে। এ কর্মসূচি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। আগামীকাল শনিবার কর্মসূচির শেষ দিন। কর্মসূচির দ্বিতীয় দিন আজ খামারিদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করা এবং নতুন উদ্যোক্তাদের বাণিজ্যিকভাবে পশুপালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ডেইরি বিষয়ক কার্যক্রম ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রথম দিন সকালে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদহের হাউজিং প্রকল্প মাঠে প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারি ও উদ্যোক্তাদের সাথে কথা বলেন। প্রদর্শনীতে প্রায় ৩০টি স্টলে ফ্রিজিয়ান ও সাহিওয়াল জাতের গরু, ঘোড়া, গারল, ভেড়া, বিভিন্ন প্রজাতির ছাগল, হাঁস-মুরগি, কোয়েল, লাভবার্ডসহ নানা ধরনের পোষা প্রাণী ও পাখি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থী ও খামারিদের জন্য এক্স-রে মেশিন, কৃত্রিম প্রজনন (এআই) যন্ত্রপাতি, ঘাস কাটার মেশিন, মিল্কিং মেশিন ও ক্রিম সেপারেটরসহ আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তির প্রদর্শনী রাখা হয়েছে।
আগামীকাল অনুষ্ঠানের তৃতীয় ও শেষদিনে স্কুল ফিডিং কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৭/১১/২৬ ইং।
