গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

গোপালগঞ্জ প্রতিনিধি : আজ রোববার সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করে।
জেলা শহরের কাড়ারগাতি এলাকার ৭ মার্চ চত্বর থেকে বেদগ্রাম এলাকা পর্যন্ত জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হিটুকে দেখা গেছে লোকজন নিয়ে তৎপরতা চালাতে। কার্যত ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম থেকে ৭ মার্চ চত্বর পর্যন্ত এলাকা তার নিয়ন্ত্রণে ছিলো।
দূরপাল্লার বা কোনো ধরনের গাড়ী চলাচল করতে পারছে না মহাসড়কে। নিষিদ্ধ দলটির অসংখ্য নেতাকর্মী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে গাছের গুড়ি ফেলে । ৭ মার্চ চত্বর এলাকায় বিজিবি, এসআরবি ও পুলিশের টহলগাড়ীগুলি গাছের গুড়ি সরিয়ে মহাসড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার চেষ্টা চালায়। তবে জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হিটুর নেতৃত্বে উপস্থিত লোকজন যৌথ বাহীনিকে তা করতে দেয়নি। তারা যৌথবাহিনীর কর্মকর্তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। নিষিদ্ধ দলটির ওইসব নেতাকর্মীরা মিথ্যা মামলা দায়ের এবং হয়রানী বন্ধসহ তাদের ৮ দফা দাবীর বিষয়টি যৌথ বাহীনির কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। এক পর্যায়ে যৌথবাহিনীর গাড়ীগুলি মহাসড়কের অবরোধ অপসারণ না করে পাশ কাটিয়ে চলে যায়। বিভিন্ন স্থানে যৌথবাহিনী টহল অব্যাহত রেখেছে।
এদিকে গত শনিবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তরফ থেকে লকডাউন সফল করার আহ্বান জানিয়ে জেলা শহরসহ বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। তারা ঢাকা-খুলনা মহাসড়কসহ সকল রুটে বাসসহ সবধরনের যানবাহন চলাচল এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানান। তবে জরুরী সেবা দানকারী যানবাহন যেমন পত্রিকা, অ্যাম্বুলেন্স,ওষুধ ইত্যাদি অবরোধের আওতামুক্ত থাকবে বলেও মাইকিং করা হয়।
