রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন

রিয়াজুল হক সাগর, রংপুর।
২১ নভেম্বর ২০২৬ ৮:৫০ পিএম
রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কোনো এলাকায় আন্তর্জাতিক মানের খেলা হওয়া সেই এলাকার জন্য গৌরবের বিষয়। তিনি বলেন, রাষ্ট্রের সমস্ত এলাকার মানুষের সমান অধিকার রয়েছে। তাই রংপুর অঞ্চলের মানুষের জন্যও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রয়োজন।

শনিবার (২১শে নভেম্বর) দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর রংপুর। আপনারা জানেন ২৪ এর জুলাই আন্দোলনে রংপুরের কৃতিসন্তান আবু সাঈদ প্রথম শহীদ হন। আবু সাঈদের স্মৃতিকে ধরে রাখবার জন্য এই স্টেডিয়ামের উদ্বোধন করা হলো। এই স্টেডিয়ামের উন্নয়নে সরকার ইতোমধ্যে ৫৪ লক্ষ টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। এর বাইরেও যা যা করার প্রয়োজন আমরা করবো।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের সব নির্বাচন এখন থেকে নির্দলীয় হবে এবং জাতীয় কোনো প্রতীকে হবে না। এই নির্বাচনগুলোকে কেন্দ্র করে ইতোমধ্যে আমরা আইন সংশোধন করেছি। এই নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রংপুরের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন ও মাতা মনোয়ারা বেগমসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...