মাদারগঞ্জে প্রবাসী লেমন চৌধুরী’র উদ্যোগে কাঠের সেতু নির্মাণ, কৃতজ্ঞতা এলাকাবাসীর

অনলাইন নিউজ ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬ ৮:৫৯ এএম
মাদারগঞ্জে প্রবাসী লেমন চৌধুরী’র উদ্যোগে কাঠের সেতু নির্মাণ, কৃতজ্ঞতা এলাকাবাসীর

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে জনদুর্ভোগ লাঘবে জাপানপ্রবাসী ইফতেখার লেমন চৌধুরীর উদ্যোগে কয়ড়া মুদিবাড়ী ঘাটে ৩১২ ফুট দীর্ঘ কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। দীর্ঘ ৩৬ বছরেও সেখানে স্থায়ী সেতু নির্মিত না হওয়ায় এলাকাবাসীর পারাপারের দুর্ভোগের মধ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ঘাটটি’তে স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা।

শনিবার দুপুরে নবনির্মিত কাঠের সেতুটির উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।

স্থানীয়দের দীর্ঘদিনের পারাপারের দুর্ভোগ লাঘবে ইফতেখার লেমন চৌধুরীর এই উদ্যোগকে মহৎ কাজ হিসেবে দেখছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, দীর্ঘদিন ধরে ঘাটটিতে স্থায়ী সেতু না থাকায় যাতায়াতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। কাঠের সেতুটি নির্মাণের ফলে আপাতত পারাপারে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা।

তবে স্থানীয়দের দাবি, কাঠের সেতু স্থায়ী সমাধান নয়। জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কয়ড়া মুদিবাড়ী ঘাটে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সেতু উদ্বোধনকালে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...