মাদারগঞ্জে ২৮ টি মন্দিরে প্রতিমার কাজ শেষ’ শুক্রবারে ষষ্টমী শুরু

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে প্রতিমা তৈরির কাজ শেষ করেছে প্রতিমাশিল্পীরা। মাটি দিয়ে প্রতিমার কাঠামো গঠন থেকে শুরু করে খড়ের ওপর মাটির প্রলেপ দেওয়া ও বিভিন্ন অংশে রং দিয়ে নিপুণভাবে ফুটিয়ে তোলার কাজ সম্পন্ন । এরই মধ্যে উপজেলার ২৮টি প্রতিমার কাজ প্রায় শেষ হয়েছে।
প্রতিমাশিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে দেবী দুর্গা ও তাঁর পরিবারের প্রতিমা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কারিগরদের ব্যস্ততা বেড়েছে। প্রতিটি প্রতিমায় শিল্পীরা তুলে ধরছেন তাঁদের সৃজনশীলতা, অভিজ্ঞতা ও দীর্ঘদিনের শিল্পচর্চা।
প্রতিমা তৈরির কাজ শেষ রং, সাজসজ্জা ও অলংকরণের মাধ্যমে সেগুলো পূজার জন্য প্রস্তুত করাও সম্পন্ন। এদিকে দুর্গাপূজাকে ঘিরে বিভিন্ন পূজামণ্ডপের প্রস্তুতি শেষ আগামীকাল ষষ্টমীর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু ।
মাদারগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রায় জানান উপজেলার মধ্যে ২৮ টি মন্ডপে যথাযথভাবে পূজা উদযাপন করা হবে। আনুষ্ঠানিকতা শুক্রবার থেকে শুরু, বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিটি মন্ডপে আনসার বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করছে। ইতোমধ্যে মন্ডপ গুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ সদস্য ও মন্দির কমিটির স্বেচ্ছাসেবক রয়েছে তারা শুক্রবার থেকে দায়িত্ব পালন করবে। আনুষ্ঠানিকতার আগেই সব গুলো পূজা মন্ডপ পরিদর্শন করেছি এবং প্রতিনিয়ত মন্ডপ কমিটির সভাপতি/সম্পাদকদের সাথে খোঁজ খবর নিচ্ছি।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায় বলেন, মাদারগঞ্জে ২৮টি প্রতিমার কাজ প্রায় শেষ হয়েছে। পূজাকে ঘিরে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ,আনসার,স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকবে।
শারদীয় দুর্গাপূজা সনাতন সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এই উৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক কারিগরের জীবিকা ও পারিবারিক ঐতিহ্য।
প্রতিমাশিল্পীদের প্রত্যাশা, সবার সহযোগিতা ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেবে।
