মাদারগঞ্জে ৫শ টাকা বাজিঁতে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ায় অটোচালক গ্রেপ্তার

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে দর্শকদের সামনে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৪ টায় মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত ছাদুল্লাহ কোয়ালিকান্দি মধ্য পাড়া মৃত হাবিজল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজীঁর অংশ হিসেবে ছাদুল্লাহ জীবন্ত পাখিটি হাতে নিয়ে এর পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলেন। এ সময় পাখিটি নড়াচড়া করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে তিনি পাখিটি ছিঁড়ে খেয়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি দেখতে সেখানে লোকজন জড়ো হন। তাঁদের কেউ কেউ এ সময় উল্লাস করেন বলেও জানা গেছে।
জীবন্ত একটি পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিকভাবে এমন অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, নিছক বাজি কিংবা বিনোদনের নামে প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আটককৃত ছাদুল্লাহ নিজে স্বীকারোক্তি দিয়েছেন যে, ৫শ টাকা বাজীঁতে বিবেকে নয় আবেগে এ কাজ করেছি আমি। এটা আমার সম্পন্ন ভুল হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায় জানান মঙ্গলবার বিকালে অটোচালক ছাদুল্লাহ (৫০) কোয়ালিকান্দি বাজারে একজন অটোচালকের সাথে ৫শ টাকা বাজীঁতে একটি জীবন্ত পাখি কে টেনে ছিড়ে খেয়ে ফেলে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের দৃষ্টিগোচর হলে মাননীয় পুলিশ সুপারের নির্দেশে ও সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেলের তত্বাবধানে আমাদের একটি টিম দুপুরে কোয়ালিকান্দি নিজ বাড়ী থেকে ছাদুল্লাহ কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। উক্ত বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। বনবিভাগের সাথে আমাদের কথা হয়েছে কর্তৃপক্ষ আসলে বাকি কাজ সম্পন্ন করবো।
