কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : ‘‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সারে ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা প্রাঙ্গন হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অগ্নিনির্বাপন মহড়ায় অংশ নেয়। র্যালিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। র্যালি শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপন মহড়ার আয়োজন করেন। তারা দুর্যোগ মূহুর্তে নিজেকে বাচাতে বিভিন্ন কসরত প্রদর্শন করেন। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ নাহিদা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আখন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, প্রশাসনের বিভিন্ন দপ্তরপ্রধানগন, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দসহ প্রমুখ ।
ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবন এলাকা। প্রতিটি দুর্যোগে এদেশের জনগন নানা ভাবে ক্ষতিগ্রস্থ হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা মানুষের কাছে পৌঁছে দিতে জনগনকে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকতে হবে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই আজকের এ উদ্যোগ। ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল গঠনে জোর দেন তিনি।
