খুঁজুন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ়, ১৪৩৩

নোয়াখালীতে আদালতের রায়ে চেয়ারম্যান, ৪ বছর পর শপথ নিলেন জামায়াত নেতা সাইয়েদ আহমেদ।

মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন), নোয়াখালী প্রতিনিধি:-
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
নোয়াখালীতে আদালতের রায়ে চেয়ারম্যান, ৪ বছর পর শপথ নিলেন জামায়াত নেতা সাইয়েদ আহমেদ।

দীর্ঘ চার বছর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আদালতের রায়ে চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে অংশ নিয়ে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিজয়ী হন মাওলানা সাইয়েদ আহমদ। তবে পরবর্তীতে উপজেলা পর্যায়ে ফলাফল পরিবর্তন করে তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামছুল আলমকে চেয়ারম্যান ঘোষণা করা হয়।

এ ঘটনায় আদালতের দ্বারস্থ হন মাওলানা সাইয়েদ আহমদ। দীর্ঘ সাড়ে তিন বছর বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের ১৪ মে (বুধবার) দুপুরে নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ দেওয়ান মনিরুজ্জামান রায়ে মাওলানা সাইয়েদ আহমদকে ৪৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন। পরবর্তীতে বিবাদী পক্ষ আপিল করলেও চূড়ান্তভাবে রায় বহাল থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন তিনি।

স্থানীয় জামায়াত নেতা মাওলানা রহিমুল্লাহ বলেছেন, ২০২২ সালের ৫ জানুয়ারি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। সেদিন আমাদের বিজয় কেড়ে নিয়ে নৌকার প্রার্থীকে দেওয়া হয়। তখন আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আজ আমরা মহা আনন্দিত। আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের ভাষা আমাদের নেই। ন্যায় ও ইনসাফের চেয়ারম্যান হবেন মাওলানা সাইয়েদ আহমদ।

মাওলানা সাইয়েদ আহমদ এর বড় ছেলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ফরহাদ গণমাধ্যমকে বলেন, নৌকার প্রার্থীর ভরাডুবি ঠেকাতে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে পেশিশক্তির মাধ্যমে আমার বাবাকে মাত্র ১১ ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল। পরে আদালত আমার বাবাকে বৈধ চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। অবশেষে আজ তিনি শপথ গ্রহণ করলেন।

তিনি আরও বলেন, নির্বাচন ট্রাইব্যুনাল আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা, সব আইনজীবী এবং আমাদের ইউনিয়নের সচেতন বাসিন্দাদের প্রতি আমি কৃতজ্ঞ। একই সঙ্গে ধিক্কার জানাই তাদের, যারা সেই নির্বাচনে কারচুপি করে সত্যকে চাপা দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছিল।

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আহমদ গণমাধ্যকে বলেন, অন্যায়ের বিরুদ্ধে আজ সত্যের জয় হয়েছে। দীর্ঘ চার বছর আইনি লড়াইয়ের পর অবশেষে শপথ নিতে পেরেছি। যেখানে মামলার নিষ্পত্তি হওয়ার কথা ছিল ছয় মাসে, সেখানে সময় লেগেছে চার বছর। এতে আমার এলাকাবাসী ও ভোটাররা চরম ভোগান্তির শিকার হয়েছেন।

তিনি বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমার ইউনিয়নের সব বাসিন্দা ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ইউনিয়নের উন্নয়নে কাজ করবো।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসকের উপপরিচালক (স্থানীয় সরকার) ফেরদৌসী বেগম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছ, মহিপুরে সংবাদ সম্মেলন

মেহেদী হাসান সোহাগ-কলাপাড়া,কুয়াকাটা-প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছ, মহিপুরে সংবাদ সম্মেলন

 

পটুয়াখালীর মহিপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখল, প্রাণনাশের হুমকি, চাঁদাবাজি এবং হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ জুন) মহিপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মুসা গাজী। তিনি জানান, তার বাবা মো. মজিবুর রহমান গাজী দীর্ঘ ২৩ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছেন। প্রবাসে অর্জিত অর্থে ২০২৪ সালে তিনি ৪০ নং ইউসুফপুর মৌজার বিএস ৮১৬ খতিয়ানের ২৩০৩ ও ২৩০৭ দাগের জমি ক্রয় করেন এবং বৈধভাবে ভোগদখলে রয়েছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি ইমরান হাওলাদার ও কিছু রাজনৈতিক ব্যক্তির সহযোগিতায় ওই জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা চালান। বিষয়টি নিয়ে মহিপুর থানায় সালিশ বৈঠকে চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত জমিতে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে গত ১২ জুন ইমরান হাওলাদার মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেল্লাল ইসলাম গালিব (মাইকেল), মহিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইউব আলী আকন ফিরোজ, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাউয়াব সরদার ও রাসেল মাহমুদ ভেকুকে দিয়ে মাটি কাটার কাজ শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মুসা গাজী দাবি করেন, তাদের স্বজনরা বাধা দিতে গেলে মারধরের শিকার হন, প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তার চাচা আব্দুল মতিন গাজী মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-আর ১১৬/২৬) করেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২১ জুন কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হলেও বিবাদীরা ২৩ জুন পুনরায় জমিতে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে আব্দুল মতিন গাজী, শহিদুল গাজী ও দেলোয়ার দুয়ারির ওপর হামলা চালানো হয়। এতে আব্দুল মতিন গাজী গুরুতর আহত হন। পরে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারটির দাবি, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে ইমরান হাওলাদার বলেন, আমার জমিতে আমি কাজ করেছি। কারও কাছে কোনো টাকা-পয়সা চাওয়া হয়নি। আদালতের কোনো নোটিশও আমি পাইনি।

মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল গালিব বলেন, বাজারে যাওয়ার পথে বিরোধপূর্ণ জমিতে লোকজনের ভিড় দেখে সেখানে যাই। পরে আমাদের জড়িয়ে আদালতে মামলা ও থানায় জিডি করা হয়েছে। এটি সম্পূর্ণ পরিকল্পিত।

এ বিষয়ে মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার বলেন, এটি জমিজমা সংক্রান্ত আদালতের বিষয়। মালিকপক্ষ আদালতে স্বপক্ষে প্রমাণ উপস্থাপন করে ফয়সালা করবেন। বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার কাভার্ড ভ্যান

স্টাফ রিপিটার ( গাজীপুর) মোঃ লোকমান হোসেন পনির
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার কাভার্ড ভ্যান

গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ভোর ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল বাসন থানার ভোগড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ কামরুল হাসান ও এএসআই (নিরস্ত্র) মোঃ আলামিন হোসেনের নেতৃত্বে পুলিশের সদস্যরা জনৈক কামাল হোসেনের গাড়ির ওয়ার্কশপের সামনে অবস্থানরত কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে নজরদারিতে রাখেন।
একপর্যায়ে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে সর্বমোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ড-১৪-০৩৬১) জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার তিতাস উপজেলার দাসকান্দি এলাকার হুমায়ুন কবিরের ছেলে মোঃ ইমন শাহরিয়ার (২৮) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ শরিফ (২৮)।
পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ইমন শাহরিয়ারের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং শরিফের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহানগর এলাকায় মাদক চোরাচালান ও ব্যবসার বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী এলাকার বাসিন্দা মোরশেদ আলম একজন ব্যাটারিচালিত ভ্যানচালক। দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে উপার্জিত আয়েই চলছিল তার ছয় সদস্যের পরিবারের জীবিকা। কিন্তু একটি ভ্যান চুরির ঘটনায় আজ তিনি ও তার পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।

জানা যায়, গত ২০ জুন রাত প্রায় ১০টার দিকে উপজেলার মিলন বাজার এলাকায় নিজের ব্যাটারিচালিত ভ্যানটি রেখে দিনের ভাড়ার টাকা তুলতে যান মোরশেদ আলম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, অজ্ঞাত ব্যক্তি তার একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানগাড়িটি চুরি করে নিয়ে গেছে। ভ্যানটি খুঁজে পেতে তিনি বাজারের বিভিন্ন স্থান ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবার নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েন।

সরেজমিনে মোরশেদ আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙাচোরা ও জরাজীর্ণ একটি ঘরে মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করছেন তিনি। ঘরের পাশাপাশি রান্নাঘরের অবস্থাও অত্যন্ত নাজুক। ভাঙা টিনের বেড়া ও ঝুঁকিপূর্ণ পরিবেশে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।
উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে বর্তমানে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে মোরশেদ আলমকে। পরিবার-পরিজনের মুখে দুমুঠো খাবার তুলে দিতেও হিমশিম খেতে হচ্ছে তার।

মোরশেদ আলমের প্রত্যাশা, এলাকার সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা তার দুর্দশার কথা বিবেচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একটি ব্যাটারিচালিত ভ্যান পেলে তিনি পুনরায় কর্মে ফিরতে পারবেন এবং পরিবারের জীবিকা নির্বাহের পথ সুগম হবে।

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, “মোরশেদ আলম অত্যন্ত দরিদ্র একজন মানুষ। ভ্যান চালিয়েই তার সংসার চলতো। ভ্যানটি চুরি হওয়ার পর তিনি কর্মহীন হয়ে পড়েছেন। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের কাছে তার জন্য একটি ভ্যানের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।”

স্থানীয়দের দাবি, অসহায় এই পরিবারের পাশে সরকার, জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে মোরশেদ আলম আবারও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছ, মহিপুরে সংবাদ সম্মেলন গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার কাভার্ড ভ্যান ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন