খুঁজুন
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ, ১৪৩৩

ডিবির মাদক বিরোধী অভিযানে নওগাঁয় ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি মালেকসহ গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
ডিবির মাদক বিরোধী অভিযানে নওগাঁয় ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি মালেকসহ গ্রেফতার ৩

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ (ESKUF) শীর্ষ মাদক কারবারি আব্দুল মালেকসহ তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল বদলগাছী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। রাত ৯টার দিকে উপজেলার পিন্ডিরা গ্রামের ‘সিয়াম এর ভাই-বোন ট্রেডার্স’ নামক একটি টিনের দোকান থেকে আব্দুল মালেক মিল্টন (৪০) ও আল আমীন (৩৩) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

​আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আল আমীনের হেফাজত থেকে ২ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমীন জানায়, এসব মাদকের মূল মালিক মালেক মিল্টন এবং তার আরও ফেনসিডিল স্থানীয় জিয়ল গ্রামের শরিফুল (৩৮) নামের এক ব্যক্তির ফ্লেক্সিলোডের দোকানে রাখা আছে।

​পরবর্তীতে ডিবির দলটি জিয়ল গ্রামে শরিফুলের দোকানে অভিযান চালিয়ে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে আরও ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং শরিফুলকে আটক করে। শরিফুল জানায়, সে মালেকের কাছ থেকে এসব মাদক রেখে কাস্টমারের কাছে বিক্রি করে টাকা মালেককে বুঝিয়ে দিত।

​অভিযানের ধারাবাহিকতায় আটক শরিফুলের তথ্যের ভিত্তিতে মূল হোতা আব্দুল মালেক মিল্টনের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে বাড়ির পেছনের একটি গর্তের ভেতর প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা আরও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতরা হল-আব্দুল মালেক মিল্টন (৪০), পিতা: ওসমান আলী, গ্রাম- পিন্ডিরা, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ।আল আমীন (৩৩), পিতা: নুরুল সর্দার, গ্রাম- জগন্নাথপুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ।শরিফুল (৩৮), পিতা: কসিমুদ্দিন, গ্রাম- জিয়ল, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ।

​ডিবি পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেফতারকৃত আব্দুল মালেক এলাকার একজন চিহ্নিত বড় মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ফেনসিডিল এনে বিভিন্ন সহযোগীর মাধ্যমে বিক্রি করে আসছিল।

​ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কুয়াকাটার পর্যটন ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
কুয়াকাটার পর্যটন ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মেহেদী হাসান সোহাগ, কুয়াকাটা প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটনকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, পর্যটকসেবার মানোন্নয়ন, সৈকতের পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণসহ পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করার লক্ষ্যে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় কুয়াকাটা পর্যটন হলিডে কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
সভায় কুয়াকাটা সৈকতের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মান বৃদ্ধি, সৈকত ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারসহ পর্যটনসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ এবং ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল হোসেন।
এ ছাড়া হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মাঈনুল ইসলাম মন্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব ফজলুল হক খান, কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন দাস, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে হলে সৈকতের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কুয়াকাটাকে আরও আকর্ষণীয়, পরিবেশবান্ধব ও পর্যটকবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এর আগে কুয়াকাটার সৌন্দর্যবর্ধন ও জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে কয়েকটি উদ্যোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক। কুয়াকাটার বিভিন্ন সড়কে কৃষ্ণচূড়া ও সোনালু গাছ রোপণ, পর্যটক ও স্থানীয়দের জ্ঞানার্জনের জন্য একটি ব্যতিক্রমী লাইব্রেরি, ডিসি লেকের সৌন্দর্যবর্ধন এবং পচনশীল বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের শেড উদ্বোধন করা হয়।
এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পর্যটনসেবার মান উন্নয়ন এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালন করেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলাম মিরন।
####

ময়লার স্তূপেই সমাধানের খোঁজ, শ্রীমঙ্গলে বর্জ্য থেকে বিদ্যুৎ-সার তৈরির উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
ময়লার স্তূপেই সমাধানের খোঁজ, শ্রীমঙ্গলে বর্জ্য থেকে বিদ্যুৎ-সার তৈরির উদ্যোগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লার স্তূপ, দুর্গন্ধ আর পরিবেশদূষণের চিত্র বদলে দিতে এবার বর্জ্যকে সম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে শ্রীমঙ্গলে। শহরের বাইরে সরকারি জায়গায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করে ময়লা থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে সরকার।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে দুই দিনের সফরে শ্রীমঙ্গলে এসে শহরের বিভিন্ন স্থান পরিদর্শনকালে এ পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সফরের শুরুতে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠ, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন আবাসন ভবন এবং তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন করেন। সরেজমিনে বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি দেখে তিনি শহরের বাইরে নিরাপদ স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন।

মীর শাহে আলম বলেন, শ্রীমঙ্গরের ময়লা আর শহরের ভেতরে বা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে রাখা যাবে না। সরকারি জায়গা খুঁজে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হবে। ময়লা থেকে জৈব সার উৎপাদনের পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে কাজ এগিয়ে নিতে আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ের একজন বর্জ্য ব্যবস্থাপনা পরামর্শককে শ্রীমঙ্গলে পাঠানো হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সফরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যা বাজেটে রাখা হয়েছে।

তিনি জানান, নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার ও অর্থ বিভাগ বৈঠকে বসে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

শুধু বর্জ্য নয়, বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হবে। ছয় মাস পর বিদ্যুৎ বিল পরীক্ষা করে এসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহার হচ্ছে কি না, তা যাচাই করা হবে।

শুক্রবার শ্রীমঙ্গল জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন মীর শাহে আলম। সেখানে মসজিদের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেওয়ার পাশাপাশি সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার

ইসলামপুর সদর ইউপিতে আগাম নির্বাচনী জনসভা, চেয়ারম্যান প্রার্থী আবু সাইদের প্রচারণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
ইসলামপুর সদর ইউপিতে আগাম নির্বাচনী জনসভা, চেয়ারম্যান প্রার্থী আবু সাইদের প্রচারণা

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আগাম নির্বাচনী জনসভা করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু সাইদ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উন্নত, আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার লক্ষ্যে পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনিরুজ্জামান খোকা মণ্ডল। সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে আলোচনা করা হয়।

জনসভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইদ বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইসলামপুর সদর ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, ‘দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য।

আনোয়ার হোসেন আরিফের সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আব্দুল আজিজ বিএসসি, সোহরাব হোসেন, আব্বাস উদ্দিন, মোহাম্মদ আলী ফুলু মেম্বার, জয়নাল আবেদীন, আব্দুল্লাহ, হানি মেম্বার, ফেরদৌস মাস্টার, ফজলুলু হক মাস্টার এবং নজরুল ইসলাম।

সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে মো. আবু সাইদ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ইউপি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আবু সাইদের আগাম নির্বাচনী জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

কুয়াকাটার পর্যটন ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনে সমন্বিত উদ্যোগের আহ্বান ময়লার স্তূপেই সমাধানের খোঁজ, শ্রীমঙ্গলে বর্জ্য থেকে বিদ্যুৎ-সার তৈরির উদ্যোগ ইসলামপুর সদর ইউপিতে আগাম নির্বাচনী জনসভা, চেয়ারম্যান প্রার্থী আবু সাইদের প্রচারণা ডিবির মাদক বিরোধী অভিযানে নওগাঁয় ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি মালেকসহ গ্রেফতার ৩ শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট