এমপি সুলতান মাহমুদ বাবুর উদ্যোগে চরপুটিমারীর অবহেলিত সড়কে উন্নয়নের ছোঁয়া
মোঃ হোসেন শাহ্ ফকির, ইসলামপুর জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে আইরমারী ফরহাদের বাড়ি থেকে ঈদগাহ হয়ে শাহিনের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ দূর করতে একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হয়েছে। স্থানীয়দের দাবি, এ সড়কটি সংস্কারের ফলে প্রায় এক হাজার মানুষের যাতায়াত সহজ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে এলাকাবাসী নিজস্ব অর্থায়নে চলাচলের সুবিধার্থে কাঁচা রাস্তাটি তৈরি করেছিলেন। তবে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ত। এতে বিদ্যালয় ও মাদরাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হতো।
এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খানের উদ্যোগে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর নজরে আনা হয়। পরে কাবিটা প্রকল্পের অর্থায়নে রাস্তাটি আগের তুলনায় প্রশস্ত ও চলাচল উপযোগী করে সংস্কার করা হয়।
এলাকাবাসী জানান, আগে এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হতো। বর্তমানে রাস্তা সংস্কারের ফলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে। এজন্য তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খান বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুকে জানানো হলে তিনি কাবিটা প্রকল্পের আওতায় দ্রুত রাস্তাটি সংস্কারের নির্দেশ দেন। পরে দ্রুত কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী উপকৃত হয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হাবিবুর রহমান সুমন বলেন, রাস্তাটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ত বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে আলোচনা করা হলে কাবিটা প্রকল্পের অর্থায়নে দ্রুত রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়।”



আপনার মতামত লিখুন