জনদুর্ভোগ দূর করতে পূবাইলে সড়ক ও ড্রেনেজ উন্নয়নের মেগা উদ্যোগ
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের পূবাইল এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা ও জনদুর্ভোগ দূর করতে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নতুন একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকালে পূবাইল কলেজ গেট এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
উদ্বোধন শেষে অতিথিরা পূবাইলের ইছালী ব্রিজ সংলগ্ন এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট পরিদর্শন করেন। এসব প্রকল্পের আওতায় রাস্তা প্রশস্তকরণ, কার্পেটিং, আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পথচারীদের জন্য ফুটপাত নির্মাণ করা হবে।
গাজীপুর ৫ মাননীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন
”মানুষের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক ও টেকসই সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করার পাশাপাশি পূবাইলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
সংসদ সদস্য আরও বলেন, সরকার পূবাইলকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নে এলাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
রুবাইয়া ইয়াসমিন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশন।
আলহাজ্ব মুজিবুর রহমান কাজল, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
আবু ছাঈদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী।
আমান উল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী।
আলহাজ্ব মনির হোসেন বকুল, সভাপতি, পূবাইল থানা বিএনপি।
হারুন অর রশিদ সরকার, সাধারণ সম্পাদক, পূবাইল থানা বিএনপি।
জাকির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
আরিফ হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক।
আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ, সাবেক স্থানীয় বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি।
মোশাররফ হোসেন দেওয়ান, সভাপতি, ৪১ নং ওয়ার্ড বিএনপি।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রকল্পগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে পূবাইল থেকে গাজীপুর পর্যন্ত যাতায়াত যেমন সহজ হবে, তেমনই দূর হবে দীর্ঘদিনের যানজট ও জলাবদ্ধতার সমস্যা। এর ফলে ব্যবসা-বাণিজ্যসহ এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



আপনার মতামত লিখুন