শেরপুরের নালিতাবাড়ী মায়ান জেনারেল হাসপাতাল’ এতিম শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ঘোষণা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রথম বেসরকারি হাসপাতাল ‘মায়ান জেনারেল হাসপাতাল’ এতিম শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ঘোষণা দিয়েছে। আর্তমানবতার সেবায় হাসপাতালের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ উত্তর বাজারে (শহীদ মিনারের পশ্চিম পাশে) অবস্থিত এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত রোগী দেখছেন। বিশেষ করে হাড়-জোড়া, বাত-ব্যথা, মেরুদণ্ড ও প্যারালাইসিস রোগ বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন ডাঃ মোঃ জিয়াউল ইসলাম প্রতি বুধবার রোগীদের সেবা প্রদান করেন। এছাড়া গাইনী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাঃ সাজিদা ইসলাম প্রতি শুক্রবার সেবা দিচ্ছেন।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত এতিম শিশুরা যাতে অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলার যেকোনো প্রান্তের এতিম শিশু এই হাসপাতালে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবে।
মায়ান জেনারেল হাসপাতালের পরিচালক নির্লব হাসান মিন্টু নালিতাবাড়ী কাগজকে বলেন, আমরা কেবল ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, সেবামূলক মনোভাব নিয়ে এই হাসপাতাল পরিচালনা করছি। আমাদের এই ছোট উদ্যোগে যদি কোনো এতিম শিশু সুস্থ হয়ে ওঠে, তবেই আমাদের সার্থকতা। এতিম শিশুদের জন্য আমাদের এই সেবা কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন