খুঁজুন
, ,

তেলের পর্যাপ্ত মজুত, ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ

জুবায়ের আহমেদ রাসেল :
প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
তেলের পর্যাপ্ত মজুত, ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ

দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আগামী ৯ মার্চ দেশে আরও দুইটি তেলবাহী ভেসেল (জাহাজ) আসছে। ফলে তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই।

শনিবার (৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেছেন।

তিনি বলেন, “পৃথিবীতে আজকে যে সমস্যা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, তার প্রভাব স্বাভাবিকভাবেই জ্বালানি খাতে উদ্বেগ তৈরি করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি ব্রিফ করেছি। আগেও বলেছি, গতকালও বলেছি—তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”

মন্ত্রী আরও বলেন, যুদ্ধ কতদিন চলবে তা নিশ্চিত না হওয়ায় সরকার সতর্কতার অংশ হিসেবে সীমিত আকারে রেশনিং ব্যবস্থা চালু করেছে। তবে এই রেশনিং দেখে অনেক মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তিনি বলেন, “আমরা রেশনিং করেছি মূলত অনিশ্চয়তার কারণে। কিন্তু মানুষ এই রেশনিং দেখে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই। আগামী ৯ তারিখে আরও দুইটা ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নেই।”

এ সময় তিনি গণমাধ্যমের মাধ্যমে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, “বিশেষ করে মিডিয়ার কাছে আমার অনুরোধ থাকবে—আপনারা জনগণকে এই বার্তাটা দিন যে তাড়াহুড়া করে তেল কেনার কোনো দরকার নেই। আমাদের কাছে মজুত আছে, আমরা নিয়মিত পেট্রোল পাম্পে তেল সরবরাহ করছি। মানুষ তেল নিতে গেলে তেল পাবে। সারা রাত লাইন দিয়ে থাকারও কোনো প্রয়োজন নেই।”

কিছু পেট্রোল পাম্পে তেল না পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার নির্দিষ্ট পরিমাণে তেল সরবরাহ করছে। কোনো পাম্প যদি দ্রুত সব তেল বিক্রি করে ফেলে, তাহলে তাদের পরবর্তী সরবরাহ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।

তিনি বলেন, “আমরা নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। কোনো পাম্প যদি দ্রুত বিক্রি করে ফেলে, তাহলে তো আর সঙ্গে সঙ্গে তেল পাবে না। পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমরা বিষয়টি মনিটর করছি।”

কোনো পাম্প ইচ্ছাকৃতভাবে বেশি লাভের আশায় তেল বিক্রি বন্ধ রাখছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তদন্তের মাধ্যমে দেখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার মোবাইল কোর্ট পরিচালনারও সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী বলেন, “আমাদের কন্ট্রোলিং ব্যবস্থা আছে। কাল থেকেই আমরা মোবাইল কোর্ট নামিয়ে দেব। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মোটরসাইকেলের ক্ষেত্রে দুই লিটার করে তেল দেওয়ার রেশনিং বাড়ানো হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত তা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, “আমি তো বললাম আমাদের মজুদ আছে। কিন্তু যুদ্ধ কবে থামবে সেটা তো আমরা জানি না। তাই আগে থেকেই আমাদের ঘর ঠিক রাখতে হবে, সঞ্চয় করে রাখতে হবে। সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মানুষের মধ্যে কেন আতঙ্ক তৈরি হচ্ছে—এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। অনেকেই ভবিষ্যতের আশঙ্কায় আগেভাগে মজুত করার চেষ্টা করেন।

তিনি বলেন, “সরকার বলার পরও মানুষ কখনো কখনো প্যানিক করে। এটা মানুষের স্বাভাবিক আচরণ। আমরা সবাই অনেক সময় এমনটা করি—পরে পাবো কিনা এই ভয় থেকে মজুত করার চেষ্টা করি।”

এলএনজি সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার কাতার থেকে এলএনজি আমদানি করে এবং এর পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, “আমরা কাতার থেকে এলএনজি নিয়ে আসি। এর বাইরে বিকল্প ব্যবস্থাও আছে। আমরা সেগুলো নিয়েও কাজ করছি যাতে ভবিষ্যতে কোনো সংকট না হয়।”

মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ভবিষ্যতে যেন কোনো সংকট না ঘটে সে জন্য সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিচ্ছে।

সবশেষে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, “আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং সচেতনভাবে জ্বালানি ব্যবহার করতে হবে।”

কালীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুস্কার বিতরণী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
কালীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুস্কার বিতরণী অনুষ্ঠিত

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কালীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন অত্র কলেজের সহকারী শিক্ষক মার্টিন পেরেরা ও আমেনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জল প্লাসিক পেরেরা।
অন্যান্যের মাঝে উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন, বিভিন্ন স্কুলের শিক্ষক, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক মূল্যবোধ ধারণ করতে অনুপ্রাণিত করে। শিক্ষার্থীদের মাঝে নজরুলের জীবন, কর্ম ও সাহিত্যচর্চা ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরোও বলেন, নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শ সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে জাতীয় কবির জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে নতুন করে আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

মান্দায় কাশোঁপাড়ায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রইচ উদ্দিনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
মান্দায় কাশোঁপাড়ায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রইচ উদ্দিনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

​নওগাঁর মান্দা উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের স্থানীয় সাধারণ ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের সেবায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চক্ষু শিবির ও চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

​প্রতিষ্ঠানটির সার্বিক আয়োজন ও চিকিৎসাসেবায় স্থানীয় সহযোগিতায় ছিলেন ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রইচ উদ্দিন মন্ডল।

​ক্যাম্পে দিনভর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসা শেষে ছানি চিহ্নিত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন এবং মানসম্মত বিদেশি লেন্স সংযোজনের জন্য নির্বাচন করা হয়। এসব রোগীদের হাসপাতালে যাতায়াত, থাকা-খাওয়া ও কালো চশমা সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হবে বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছে। এছাড়া সাধারণ রোগীদের সুবিধার্থে ন্যায্যমূল্যে চোখের মাংসবৃদ্ধি অপারেশন এবং প্রয়োজনীয় ওষুধ ক্রয়ের সুব্যবস্থা ছিল।

​ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, নওগাঁর সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় এবং অভিজ্ঞ এমবিবিএস চক্ষু চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম দিনব্যাপী এই রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

উল্লেখ্য, চিকিৎসা ক্যাম্পটির সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতায় ছিল আন্তর্জাতিক সংস্থা ‘অরবিস ইন্টারন্যাশনাল’ ও ‘পিকেএসএফ’।

​আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে চেয়ারম্যান পদপ্রার্থী রইস উদ্দিন মন্ডল এবং চিকিৎসকরা জানান, গ্রামের দরিদ্র ও দুস্থ মানুষ যারা আর্থিক টানাপোড়েনের কারণে সময়মতো চোখের চিকিৎসা করাতে পারেন না, তাঁদের দোরগোড়ায় বিনামূল্যে আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এই মানবিক উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির আনন্দ মিছিল

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজাবাদ বাজারে নবগঠিত ইউনিয়ন বিএনপির কমিটির নেতাকর্মীদের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলকে কেন্দ্র করে বিকেল থেকেই সিরাজাবাদ বাজার এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সিরাজাবাদ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নতুন কমিটি ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেন।

মিছিল শেষে সিরাজাবাদ বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার আলী মেম্বার, যুবনেতা সাজেদুল ইসলাম এবং নবগঠিত কমিটির ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নবীন মন্ডল।

বক্তারা বলেন, ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা নতুন কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

পথসভায় বক্তারা ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করায় উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাবসহ বিএনপির সংশ্লিষ্ট নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তারা বলেন, নতুন কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর মাধ্যমে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ সময় বক্তারা নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আনন্দ মিছিল ও পথসভায় নবগঠিত ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুস্কার বিতরণী অনুষ্ঠিত মান্দায় কাশোঁপাড়ায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রইচ উদ্দিনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির আনন্দ মিছিল ইসলামপুরে পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন আত্রাইয়ে তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা