ইসলামপুরে পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সিরাজাবাদ বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন পলবান্ধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও আদম আলী।
সংবাদ সম্মেলনে তারা বলেন, তারা জাতীয়তাবাদী আদর্শের ত্যাগী নেতাকর্মী। তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ না করে ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে এ কমিটি ঘোষণা করেছে।
বক্তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে তারা বিভিন্ন মামলা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে দলের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। দলের দুঃসময়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। অথচ বর্তমানে তাদের মূল্যায়ন না করে এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের অবহিত না করেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
তারা বলেন, এ ধরনের কমিটি ঘোষণায় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। এতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি পুনর্বিবেচনা করে ত্যাগী, পরীক্ষিত ও দীর্ঘদিনের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন