ভুয়া চিকিৎসক আটক করে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
বড়াইগ্রামে ভুয়া চিকিৎসক আটক করে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
মোঃ রেজাউল করিম মৃধা
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ভুয়া সনদ ব্যবহার করে চক্ষু ক্যাম্প পরিচালনা করার দায়ে শাহিন আলম ও স্বপ্না খাতুন নামের ২ জন ভুয়া চক্ষু চিকিৎসককে আটক করে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ২১শে জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর এলাকায় জিল্লুর রহমান তোতার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিরা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় অবস্থিত, চোখের আলো চক্ষু হাসপাতালের নামে ফ্রি চক্ষু ক্যাম্প চালাচ্ছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উক্ত ভ্রাম্যমান আদালতে শাহিন আলম ও স্বপ্না খাতুনকে তাদের সার্টিফিকেট দেখাতে বললে তারা কম্পিউটার থেকে তৈরীকরা সার্টিফিকেট দেখালে, তা জাল বা ভূয়া প্রমানিত হওয়ায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী শাহিন আলমকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং স্বপ্না খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মলয় কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন