খুঁজুন
শনিবার, ৬ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

রূপসায় বাগমারা বাজার বণিক সমিতির সার্বিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

শেখ শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা থেকে :
প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ
রূপসায় বাগমারা বাজার বণিক সমিতির সার্বিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

শহিদুল্লাহ আল আজাদ. খুলনা থেকে : খুলনা জেলায় রূপসা বাগমারা বাজার বণিক সমিতি নিয়ে অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ফুটপথের ব্যবসায়ীদের পুনর্বাসন সংক্রান্ত প্রেস ব্রিফিং ২৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় পূর্ব রূপসাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বণিক সমিতির সভাপতি হাফেজ মাওলানা আলহাজ্ব আরাফাত হোসাইন। এসময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, সহ-সভাপতি হাসানাত, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল জব্বার, প্রচার সম্পাদক মোঃ হাসান শেখসহ সাধারণ সদস্যবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্ব রূপসায় একই স্থানে সামন্য দূরত্বে দু’টি বাজার রয়েছে। এর একটি হলো পূর্ব রূপসা বাজার ও অপরটি হলো বাগমারা বাজার। এই দু’টি বাজারের রেজিস্ট্রেশনও আলাদা আলাদা। পূর্ব রূপসা বাজারের ব্যবসায়ীদের জন্য আলাদা স্থান ও মাছের চান্দি (মাছ বিক্রির স্থান) থাকলেও বাগমারা বাজারের ব্যবসায়ীদের তেমন আলাদা জায়গা ও মাছের চান্দি নেই। বাগমারা বাজারটির মূল অংশ বা সীমানা হলো খুলনা-মোংলা মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন সমিল থেকে পেট্রোল পাম্প এবং ব্যাংকের মোড় হতে রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের সংযোগ সড়কের বাগমারা দারুস সালাম জামে সমজিদ মার্কেট পর্যন্ত। ব্যংকের মোড় হতে বাগমারা দারুস সালাম জামে মসজিদ পর্যন্ত সড়কের দুইপাশে ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ফুটপাতে বেশ কিছু ক্ষুদ্র ব্যাবসায়ী দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছে। এদের মধ্যে মাছ ও কাঁচামাল ব্যবসায়ী রয়েছেন।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও উপজেলা প্রশাসন আমাদের বাজার তদারকি করতে এসে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন। ওই নির্দেশনার আলোকে আমরা বাজার বণিক সমিতির নির্বাচিত নেতৃবৃন্দ কয়েকদিনের সময় নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান ঘর নিয়ে যারা ব্যবসা করেন তারা তাদের দখলে থাকা ফুটপাত ছেড়ে দিলেও ফুটপাতের ব্যবসায়ীরা পড়েন মারাত্মক বিপাকে। এমতাবস্থায় আমরা সবার সাথে পরামর্শ করে ব্যাংকের মোড়ে খুলনা-মোংলা মহাসড়কের পাশের ৫০ ফুট জায়গার ১০ ফিট ফুটপথ রেখে বাকী স্থানে বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত তাদের অস্থায়ীভিত্তিতে পুনর্বাসনের লক্ষ্যে ব্যবসা করার পরিবেশ সৃষ্টি করি। এরপর থেকে ওই সব ফুটপথের মাছ ও কাঁচা তরিতরকারি বিক্রেতারা কোন প্রকার ভাড়া প্রদান ছাড়া খুব আনন্দের সাথে ব্যবসা করছেন। এতে বাজার সড়কটি যানজট মুক্ত হয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে ফুটপথের ব্যবসায়ীদের পুনর্বাসনের এই বিষয়টি মানতে পারছেনা বাজারের কয়েকজন ঘর মালিকসহ কতিপয় ব্যক্তি। তারা আমাদের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যাদের বিরুদ্ধে ফুটপথের ব্যবসায়ীদের নিকট থেকে ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।
এদিকে বাগমারা বাজারের কতিপয় দোকান ঘর মালিক ও পূর্ব রূপসা বাজারের কয়েকজন ব্যবসায়ী তাদের হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আমাদের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার করে আমাদের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টায় বিভিন্ন স্থানে অভিযোগ করে চলেছেন। ব্যবসায়ীদের পক্ষে ৪ জন অভিযোগকারী হলেন পূর্ব রূপসা বাজার বণিক সমিতির সদস্য মীর ফিরোজ, খায়রুল আলম খোকন এবং বাগমারা বাজার বণিক সমিতির সদস্য ইশারাত শেখ ও মহসিন শেখ।
এই চার জনের মধ্যে মীর ফিরোজ ও খায়রুল আলম খোকন হলেন পূর্ব রূপসা বাজার বণিক সমিতির সদস্য। আমাদের বণিক সমিতি কিভাবে চলবে বা সমিতিভুক্ত ব্যবসায়ীদের কিভাবে পুনর্বাসিত করা হবে তা একান্ত নির্বাচিত কমিটির ব্যাপার। এখানে তাদের মাথা ব্যাথার কোন কারণ নেই। অপর দু’জন হলেন আমাদের বাজারের ইশারাত শেখ ও মহসিন শেখ। এই দু’জনের মধ্যে ইশারাত হোসেন আমাদের বণিক সমিতির সদস্য হলেও তার কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই। তিনি একজন দোকান ঘর মালিক। অপরজন মহসিন শেখ বাজারের নতুন ব্যবসায়ী ও দোকানঘর মালিক। যিনি এখনো আমাদের বণিক সমিতির সদস্যপদ লাভ করেননি। প্রেস ব্রিফিংয়ে অপপ্রচারকারীদের মিথ্যাচারে লিপ্ত না হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সাংবাদিকদের সরেজমিন পরিদর্শনপূর্বক সঠিক তথ্য জনসম্মুখ্যে তুলে ধরার আহ্বান জানান।

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক

 

ঠাকুরগাঁওয়ে ডলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে পাচঁ সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) দুপুরে  নবগঠিত ভূল্লী উপজেলায় ৫নং শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার কৃতরা হলেন,হলেন মানিক হোসেন (৪৩), হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), আশরাফুল ইসলাম (৪৭), মনোয়ার হোসেন (৪০) এবং মোখলেছ (৪৮)। তাদের মধ্যে হাবিবুর রহমান ৫ নং শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বলে জানা গেছে।

ভুল্লি থানা পুলিশ সূত্রে জানা যায়, বিদেশি ডলার বিক্রয়ের নামে প্রতারণার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান নিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে রয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন আজাহার আলী (৫৪), এবং গোলাম মোস্তফা (৫৫)। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি ডলার, সাতটি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত ও নথিপত্র যাচাই করে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

রাজারহাটে মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি করে রাখে সন্তান

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
রাজারহাটে মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি করে রাখে সন্তান

 

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার এক বৃদ্ধকে দীর্ঘদিন ঘরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে তার বড় ছেলের বিরুদ্ধে। একই সঙ্গে মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে অংশ নিতে না দেওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জলিল (৭৫) ও তার স্ত্রী মাহমুদা বেগম-এর পাঁচ সন্তানের মধ্যে বড় ছেলে আব্দুল মোন্নাফের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে দীর্ঘদিন গৃহবন্দি করে রাখার অভিযোগ রয়েছে।

অসুস্থ মাহমুদা বেগমের চিকিৎসার দায়িত্ব নেন তার মেয়েরা। বিভিন্ন স্থানে চিকিৎসাধীন থাকার পর গত ৩ জুন রাতে তিনি মারা যান। পরদিন পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতিকালে বড় ছেলে বাধা দেন এবং বাবাকে ঘরে তালাবদ্ধ করে রাখেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দাফন সম্পন্ন করা হয়। পরে খবর পেয়ে মামুনুর রশীদ-এর নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়।

পুলিশের হস্তক্ষেপে দীর্ঘদিন ঘরবন্দি থাকা আব্দুল জলিলকে বের করে আনা হয়। দাফনের প্রায় চার ঘণ্টা পর তিনি ও তার ছেলে মিলে মাহমুদা বেগমের কবর জিয়ারত করেন।

স্থানীয়রা এ ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। তবে জমি সংক্রান্ত বিরোধ ও বৃদ্ধকে অবরুদ্ধ করে রাখার অভিযোগের বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে আলোচনা ও নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা প্রদান

মান্দা নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা প্রদান

ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরার পথে গত ২৫ মে ২০২৬ তারিখে টাঙ্গাইলে ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১০ ও আহত ৫ ক্ষতিগ্রস্ত নিহত ও আহত পরিবারগুলোর মাঝে আজ (০৪ জুন) আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. আতিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও শ্রমিক কল্যাণ ফেডারেশন অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার মো. আব্দুর রাকিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির এবং অধ্যক্ষ আব্দুস সবুর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক। তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সমাজের বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নাসির উদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রমিক নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে নিহত ১০ জনের পরিবার এবং আহত ৫ জনের পরিবারের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। উপস্থিত বক্তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সকলের দোয়া কামনা করেন এবং তাদের পুনর্বাসনে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক রাজারহাটে মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি করে রাখে সন্তান ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা প্রদান সেনবাগে গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩ বাস কাউন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা।