খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ, ১৪৩৩

তেলের পর্যাপ্ত মজুত, ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ

জুবায়ের আহমেদ রাসেল :
প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
তেলের পর্যাপ্ত মজুত, ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ

দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আগামী ৯ মার্চ দেশে আরও দুইটি তেলবাহী ভেসেল (জাহাজ) আসছে। ফলে তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই।

শনিবার (৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেছেন।

তিনি বলেন, “পৃথিবীতে আজকে যে সমস্যা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, তার প্রভাব স্বাভাবিকভাবেই জ্বালানি খাতে উদ্বেগ তৈরি করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি ব্রিফ করেছি। আগেও বলেছি, গতকালও বলেছি—তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”

মন্ত্রী আরও বলেন, যুদ্ধ কতদিন চলবে তা নিশ্চিত না হওয়ায় সরকার সতর্কতার অংশ হিসেবে সীমিত আকারে রেশনিং ব্যবস্থা চালু করেছে। তবে এই রেশনিং দেখে অনেক মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তিনি বলেন, “আমরা রেশনিং করেছি মূলত অনিশ্চয়তার কারণে। কিন্তু মানুষ এই রেশনিং দেখে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই। আগামী ৯ তারিখে আরও দুইটা ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নেই।”

এ সময় তিনি গণমাধ্যমের মাধ্যমে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, “বিশেষ করে মিডিয়ার কাছে আমার অনুরোধ থাকবে—আপনারা জনগণকে এই বার্তাটা দিন যে তাড়াহুড়া করে তেল কেনার কোনো দরকার নেই। আমাদের কাছে মজুত আছে, আমরা নিয়মিত পেট্রোল পাম্পে তেল সরবরাহ করছি। মানুষ তেল নিতে গেলে তেল পাবে। সারা রাত লাইন দিয়ে থাকারও কোনো প্রয়োজন নেই।”

কিছু পেট্রোল পাম্পে তেল না পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার নির্দিষ্ট পরিমাণে তেল সরবরাহ করছে। কোনো পাম্প যদি দ্রুত সব তেল বিক্রি করে ফেলে, তাহলে তাদের পরবর্তী সরবরাহ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।

তিনি বলেন, “আমরা নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। কোনো পাম্প যদি দ্রুত বিক্রি করে ফেলে, তাহলে তো আর সঙ্গে সঙ্গে তেল পাবে না। পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমরা বিষয়টি মনিটর করছি।”

কোনো পাম্প ইচ্ছাকৃতভাবে বেশি লাভের আশায় তেল বিক্রি বন্ধ রাখছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তদন্তের মাধ্যমে দেখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার মোবাইল কোর্ট পরিচালনারও সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী বলেন, “আমাদের কন্ট্রোলিং ব্যবস্থা আছে। কাল থেকেই আমরা মোবাইল কোর্ট নামিয়ে দেব। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মোটরসাইকেলের ক্ষেত্রে দুই লিটার করে তেল দেওয়ার রেশনিং বাড়ানো হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত তা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, “আমি তো বললাম আমাদের মজুদ আছে। কিন্তু যুদ্ধ কবে থামবে সেটা তো আমরা জানি না। তাই আগে থেকেই আমাদের ঘর ঠিক রাখতে হবে, সঞ্চয় করে রাখতে হবে। সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মানুষের মধ্যে কেন আতঙ্ক তৈরি হচ্ছে—এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। অনেকেই ভবিষ্যতের আশঙ্কায় আগেভাগে মজুত করার চেষ্টা করেন।

তিনি বলেন, “সরকার বলার পরও মানুষ কখনো কখনো প্যানিক করে। এটা মানুষের স্বাভাবিক আচরণ। আমরা সবাই অনেক সময় এমনটা করি—পরে পাবো কিনা এই ভয় থেকে মজুত করার চেষ্টা করি।”

এলএনজি সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার কাতার থেকে এলএনজি আমদানি করে এবং এর পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, “আমরা কাতার থেকে এলএনজি নিয়ে আসি। এর বাইরে বিকল্প ব্যবস্থাও আছে। আমরা সেগুলো নিয়েও কাজ করছি যাতে ভবিষ্যতে কোনো সংকট না হয়।”

মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ভবিষ্যতে যেন কোনো সংকট না ঘটে সে জন্য সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিচ্ছে।

সবশেষে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, “আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং সচেতনভাবে জ্বালানি ব্যবহার করতে হবে।”

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা নগদ ২৪ হাজার টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা মোল্লাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোল্লাবাড়ির একটি রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্র শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পচাবহলা মোল্লাপাড়া গ্রামের মৃত জালাল শেখের স্ত্রী আসফুলের বসতঘরসহ ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় ঘরে থাকা নগদ ২৪ হাজার টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি।

শ্রীমঙ্গলে ব্র্যাকের PROMISE প্রকল্পের সমাপনী প্রতিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ব্র্যাকের PROMISE প্রকল্পের সমাপনী প্রতিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসা স্থাপন ও আর্থিক সংযোগের লক্ষ্যে বাস্তবায়িত “Unlocking Financial Solutions for Youth Enterprise Development (PROMISE)” প্রকল্পের সমাপনী প্রতিবেদন ও Closeout Meeting অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান। এ সময় ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইলিমেন্ট হাজ্য, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, PROMISE জেলা ব্যবস্থাপক আসমা উল হুসনা, ইউডি জেলা ব্যবস্থাপক ফরিদুজ্জামান সোহাগ, এসোসিয়েট অফিসার মাহফুজুর রহমান, এসোসিয়েট অফিসার (ব্র্যাক) আবুল কালাম, প্রোগ্রাম অফিসার সাগর হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সমবায় কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Education Above All (EAA)-এর সহায়তায় বাস্তবায়িত PROMISE প্রকল্পের মেয়াদ ছিল ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। দেশের বিভিন্ন অঞ্চলের ২৭টি শাখায় বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় মোট ৩ হাজার ৬০০ জন তরুণ উদ্যোক্তাকে লক্ষ্যভুক্ত করা হয়।

শ্রীমঙ্গল শাখায় প্রকল্পের আওতায় উদ্যোক্তা নির্বাচন, ইনকিউবেশন প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা স্থাপনে সহায়তা, ফলো-আপ এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের কার্যক্রম পরিচালিত হয়।

প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল শাখায় মোট ১৫০ জন উদ্যোক্তাকে ইনকিউবেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় এবং একই সংখ্যক উদ্যোক্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ছয়টি ব্যাচে পরিচালিত এ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে ৭২ জন নারী ও ৭৮ জন পুরুষ ছিলেন।

প্রকল্পের অন্যতম উল্লেখযোগ্য অর্জন হলো প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের ব্যবসা স্থাপনে এগিয়ে নেওয়া। মোট ৯০ জন উদ্যোক্তা ব্যবসা স্থাপনের পর্যায়ে পৌঁছেছেন। তাদের বিভিন্ন ব্যবসা থেকে ১১টি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

এছাড়া উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও মূলধনের প্রয়োজন মেটাতে আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। শ্রীমঙ্গল শাখায় ২৬ জন উদ্যোক্তা মোট ১২ লাখ ৭০ হাজার টাকা ঋণ সুবিধা পেয়েছেন। প্রকল্পের সামগ্রিক পর্যায়ে মোট ঋণ বিতরণের পরিমাণ ছিল ৪৩ লাখ ১৫ হাজার টাকা।

অনুষ্ঠানে PROMISE প্রকল্পের পাশাপাশি Enterprise Development (ED) Intervention কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরা হয়। এ কার্যক্রমের আওতায় দুই বছরের বেশি সময় ধরে পরিচালিত ব্যবসার মালিক এবং ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত দক্ষতা ও সহায়তা প্রয়োজন—এমন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

ED Intervention-এর নির্ধারিত লক্ষ্য ছিল ৩০৩ জন উদ্যোক্তা। এর বিপরীতে ৩১০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ১০২ শতাংশ। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ২৪৮ জন পুরুষ ও ৬২ জন নারী। এ কার্যক্রমের আওতায় ৫৮ জন উদ্যোক্তা ঋণ সুবিধা পেয়েছেন এবং মোট ৩২ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া ৪০ জন উদ্যোক্তা নতুন কর্মী নিয়োগ করেছেন।

উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি সামাজিক অন্তর্ভুক্তি ও জেন্ডার সচেতনতার বিষয়টিও প্রকল্পের কার্যক্রমে গুরুত্ব পেয়েছে। প্রতিটি ব্যাচে Gender & Inclusion Session আয়োজনের মাধ্যমে নারী-পুরুষের সমতা, সামাজিক অধিকার, অন্তর্ভুক্তি এবং বৈষম্য কমানোর বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। PROMISE কার্যক্রমে নারী অংশগ্রহণ ছিল প্রায় ৪৮ শতাংশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান নয়, প্রশিক্ষণ-পরবর্তী মেন্টরিং, ফলো-আপ এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ উদ্যোক্তাদের বাস্তব ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ধরনের সমন্বিত সহায়তা তরুণ উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখছে।

সমাপনী পর্যায়ে শ্রীমঙ্গল শাখায় PROMISE ও ED Intervention-এর অর্জন তুলে ধরে বলা হয়, প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা স্থাপন, ফলো-আপ, আর্থিক সংযোগ এবং জেন্ডার ও ইনক্লুশন কার্যক্রমকে সমন্বিতভাবে বাস্তবায়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নে একটি কার্যকর সহায়তা কাঠামো গড়ে উঠেছে।

প্রকল্পের অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা টেকসই রাখা, ব্যবসা সম্প্রসারণ এবং আরও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ-পরবর্তী দীর্ঘমেয়াদি সহায়তা ও নিয়মিত ফলো-আপের ওপর গুরুত্বারোপ করা হয়।

দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের জন্য নতুন মাত্রা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের জন্য নতুন মাত্রা

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ, গাজীপুর প্রতিনিধি : তরুণ প্রজন্মের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে জমজমাট পরিবেশে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ আগষ্ট (মঙ্ঙ্গলবার) উপজেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর এর সার্বিক তত্ত্বাবধানে এবং কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) এর আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলার মোট ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের দল এতে অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বালিগাও উচ্চ বিদ্যালয় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘আইনের শাসনের কঠোর প্রয়োগের মাধ্যমেই দুর্নীতি দমন সম্ভব’। এই বিষয়ের ওপর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে তাদের তথ্যসমৃদ্ধ বক্তব্য ও যুক্তি উপস্থাপন করে। তার্কিকদের ক্ষুরধার যুক্তি, পাল্টা-যুক্তি এবং চমৎকার বাচনভঙ্গি উপস্থিত বিচারক ও দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে শ্রেষ্ঠ বক্তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। শুধু আইন প্রয়োগ করে বা শাস্তি দিয়ে সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব না।  বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি বাস্তব জীবনে সততার চর্চায় নিজেদেরকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নায়েবুর রহমান মাসুদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল‌ আমিন‌ হাওলাদার।
কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন মোড়ল এবং কালীগঞ্জ থানা প্রেসক্লাব এর সভাপতি জাকারিয়া আল মামুন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত গাজীপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মোঃ আতিকুর রহমান খান, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল ইসলাম, কালিগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান, মানব কল্যাণ সংস্থা কালীগঞ্জ এর সহ-সভাপতি সানাউল্লা তালুকদার, কালীগঞ্জ উপজেলা ভূমি কানুনগো উমর ফারুক, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মাহাবুবুর রহমান সুরুজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সদস্য মামুন মোড়ল প্রমূখ। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা জয়নাল আবেদিন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ তিনজন । এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফিয়ারা বেগম, সদস্য ফরহাদ উদ্দিন ফুলু, মামুন অর রশীদ, মুফতি ফাহিমুল ইসলাম ফাহাদ, মহিলা সদস্য শান্তা ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমন্ত্রিত সুধীজন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে স্ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন। সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি শ্রীমঙ্গলে ব্র্যাকের PROMISE প্রকল্পের সমাপনী প্রতিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের জন্য নতুন মাত্রা মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগ