খুঁজুন
, ,

জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা নয়, মানুষের সেবা’—সরকার আলী বেপারী

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা নয়, মানুষের সেবা’—সরকার আলী বেপারী

 

‘জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতায় থাকা নয়, মানুষের সেবা করা’ এমন প্রত্যয় ব্যক্ত করেছেন জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চরপুটিমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সরকার আলী বেপারী।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে দল-মত ও ব্যক্তির ঊর্ধ্বে উঠে চরপুটিমারী ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করতে চান। মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিচার-সালিশে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা তাঁর অন্যতম লক্ষ্য।

দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কথা তুলে ধরে সরকার আলী মেম্বার বলেন, রাজনৈতিক কারণে প্রায় ১৭ বছর ধরে জেল-জুলুম, মামলা-হামলা ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন তিনি। এসব প্রতিকূলতার মধ্যেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে জানান তিনি।

সরকার আলী মেম্বার বলেন, “আমি রাজনীতি করেছি মানুষের জন্য। দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করেছি। জেল-জুলুম আমাকে মানুষের কাছ থেকে দূরে সরাতে পারেনি। বরং সাধারণ মানুষের কষ্টকে আরও কাছ থেকে বোঝার সুযোগ হয়েছে। তাই মানুষের জন্য কাজ করার ইচ্ছা আরও বেড়েছে।”

মাদক ও জুয়াকে সমাজের অন্যতম বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, পরিবারে অশান্তি বাড়ছে এবং নানা ধরনের অপরাধ সৃষ্টি হচ্ছে। চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষক, আলেম-ওলামা, অভিভাবক, যুবসমাজ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “তরুণদের হাতে মাদক নয়, বই ও খেলাধুলার সামগ্রী তুলে দিতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়িয়ে তাদের সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করতে হবে।

বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সরকার আলী মেম্বার বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। অল্প বয়সে বিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনীয় সহযোগিতা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের চেষ্টা থাকবে।

সালিশের ক্ষেত্রে অর্থের লেনদেন, পক্ষপাতিত্ব কিংবা রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

সরকার আলী মেম্বার বলেন, “একজন গরিব মানুষ যেন একজন ধনী বা প্রভাবশালী মানুষের সামনে অসহায় হয়ে না যায়, সেটি নিশ্চিত করতে হবে। বিচার-সালিশে সত্য ও ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। টাকা বা প্রভাবের কারণে কোনো অসহায় মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।”

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করার চেষ্টা থাকবে। জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তা, সড়ক, কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের পাশাপাশি দরিদ্র, অসহায়, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কথা জানান তিনি।

তিনি বলেন, “জনপ্রতিনিধি হওয়া মানে শুধু ক্ষমতায় থাকা নয়, মানুষের সেবা করা। জনগণ সুযোগ দিলে পরিষদকে সাধারণ মানুষের পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই। কোনো দল, মত বা ব্যক্তির প্রতি বৈষম্য না করে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করতে চাই।”

চরপুটিমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রধান শক্তি জনগণের ভালোবাসা ও আস্থা বলে উল্লেখ করেন সরকার আলী মেম্বার।

তিনি বলেন, “আমি বড় কোনো প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না। মানুষের মৌলিক সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মতভাবে সমাধানের চেষ্টা করতে চাই। মাদক, জুয়া, বাল্যবিবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমার অন্যতম লক্ষ্য।”

চরপুটিমারী ইউনিয়নের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সরকার আলী বেপারী বলেন, একটি সুন্দর সমাজ গড়তে জনপ্রতিনিধির পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কালীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুস্কার বিতরণী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
কালীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুস্কার বিতরণী অনুষ্ঠিত

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কালীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন অত্র কলেজের সহকারী শিক্ষক মার্টিন পেরেরা ও আমেনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জল প্লাসিক পেরেরা।
অন্যান্যের মাঝে উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন, বিভিন্ন স্কুলের শিক্ষক, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক মূল্যবোধ ধারণ করতে অনুপ্রাণিত করে। শিক্ষার্থীদের মাঝে নজরুলের জীবন, কর্ম ও সাহিত্যচর্চা ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরোও বলেন, নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শ সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে জাতীয় কবির জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে নতুন করে আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

মান্দায় কাশোঁপাড়ায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রইচ উদ্দিনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
মান্দায় কাশোঁপাড়ায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রইচ উদ্দিনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

​নওগাঁর মান্দা উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের স্থানীয় সাধারণ ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের সেবায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চক্ষু শিবির ও চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

​প্রতিষ্ঠানটির সার্বিক আয়োজন ও চিকিৎসাসেবায় স্থানীয় সহযোগিতায় ছিলেন ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রইচ উদ্দিন মন্ডল।

​ক্যাম্পে দিনভর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসা শেষে ছানি চিহ্নিত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন এবং মানসম্মত বিদেশি লেন্স সংযোজনের জন্য নির্বাচন করা হয়। এসব রোগীদের হাসপাতালে যাতায়াত, থাকা-খাওয়া ও কালো চশমা সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হবে বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছে। এছাড়া সাধারণ রোগীদের সুবিধার্থে ন্যায্যমূল্যে চোখের মাংসবৃদ্ধি অপারেশন এবং প্রয়োজনীয় ওষুধ ক্রয়ের সুব্যবস্থা ছিল।

​ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, নওগাঁর সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় এবং অভিজ্ঞ এমবিবিএস চক্ষু চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম দিনব্যাপী এই রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

উল্লেখ্য, চিকিৎসা ক্যাম্পটির সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতায় ছিল আন্তর্জাতিক সংস্থা ‘অরবিস ইন্টারন্যাশনাল’ ও ‘পিকেএসএফ’।

​আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে চেয়ারম্যান পদপ্রার্থী রইস উদ্দিন মন্ডল এবং চিকিৎসকরা জানান, গ্রামের দরিদ্র ও দুস্থ মানুষ যারা আর্থিক টানাপোড়েনের কারণে সময়মতো চোখের চিকিৎসা করাতে পারেন না, তাঁদের দোরগোড়ায় বিনামূল্যে আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এই মানবিক উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির আনন্দ মিছিল

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজাবাদ বাজারে নবগঠিত ইউনিয়ন বিএনপির কমিটির নেতাকর্মীদের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলকে কেন্দ্র করে বিকেল থেকেই সিরাজাবাদ বাজার এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সিরাজাবাদ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নতুন কমিটি ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেন।

মিছিল শেষে সিরাজাবাদ বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার আলী মেম্বার, যুবনেতা সাজেদুল ইসলাম এবং নবগঠিত কমিটির ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নবীন মন্ডল।

বক্তারা বলেন, ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা নতুন কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

পথসভায় বক্তারা ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করায় উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাবসহ বিএনপির সংশ্লিষ্ট নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তারা বলেন, নতুন কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর মাধ্যমে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ সময় বক্তারা নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আনন্দ মিছিল ও পথসভায় নবগঠিত ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুস্কার বিতরণী অনুষ্ঠিত মান্দায় কাশোঁপাড়ায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রইচ উদ্দিনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির আনন্দ মিছিল ইসলামপুরে পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন আত্রাইয়ে তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা