খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ, ১৪৩৩

শ্রীমঙ্গলে তরুণ উদ্যোক্তাদের স্বপ্নে অর্থায়নের নতুন সম্ভাবনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে তরুণ উদ্যোক্তাদের স্বপ্নে অর্থায়নের নতুন সম্ভাবনা

শ্রীমঙ্গল প্রতিনিধি: শুধু চাকরি খোঁজা নয়, নিজের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি—তরুণদের এমন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দক্ষতা, পরামর্শের পাশাপাশি সহজ ও কার্যকর আর্থিক সহায়তা। এই লক্ষ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে শ্রীমঙ্গল উপজেলা অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এ সভায় উঠে আসে তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা, তাদের পথচলার নানা অভিজ্ঞতা এবং ব্যবসা টেকসই করার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জের কথা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। এ সময় ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইলিমেন্ট হাজ্য, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, PROMISE জেলা ব্যবস্থাপক আসমা উল হুসনা, ইউডি জেলা ব্যবস্থাপক ফরিদুজ্জামান সোহাগ, এসোসিয়েট অফিসার মাহফুজুর রহমান, এসোসিয়েট অফিসার আবুল কালাম, প্রোগ্রাম অফিসার সাগর হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সমবায় কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর, তরুণ উদ্যোক্তা এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, একজন তরুণের উদ্যোক্তা হয়ে ওঠার পথে শুধু পুঁজি নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও বাজারের সঙ্গে সংযোগ। আর্থিক সেবা সহজলভ্য করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরামর্শ ও মেন্টরশিপ নিশ্চিত করা গেলে তরুণরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

তাদের মতে, স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ তৈরি, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় পরামর্শ ও মেন্টরশিপ এবং বাজারের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরিতে সহায়তা দেওয়া হয়েছে।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরার পাশাপাশি উপকারভোগী উদ্যোক্তাদের অভিজ্ঞতা শোনা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং ভবিষ্যতে যুব উদ্যোক্তা উন্নয়নে কী ধরনের উদ্যোগ প্রয়োজন, তা নিয়েও আলোচনা করা হয়।

নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে প্রকল্পের উদ্যোক্তা ও মেন্টররা বলেন, সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা একজন নতুন উদ্যোক্তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। বিশেষ করে ব্যবসার শুরুতে অর্থায়নের সুযোগ ও অভিজ্ঞদের দিকনির্দেশনা পাওয়া উদ্যোগকে টেকসই করতে সহায়ক।

সমাপনী বক্তব্যে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় অংশীজন, উদ্যোক্তা, মেন্টর এবং ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আয়োজকদের প্রত্যাশা, প্রকল্পের অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে ভবিষ্যতেও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে। কারণ, একজন তরুণের হাতে তৈরি হওয়া একটি ছোট উদ্যোগও একসময় হয়ে উঠতে পারে আরও অনেক মানুষের কর্মসংস্থানের পথ।

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট

শ্রীমঙ্গল প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় নিজেদের প্রস্তুতি যাচাই করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট রেঞ্জ পুলিশের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে এ কার্যক্রম চালানো হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে পুলিশের উপস্থিতি বাড়িয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

একই সঙ্গে ফোর্স মোবিলাইজেশন ড্রিলের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশ সদস্যদের একত্রিত করা, নির্ধারিত স্থানে মোতায়েন এবং দায়িত্ব পালনের সক্ষমতাও যাচাই করা হয়। প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়।

পুলিশের এ ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রমের ফলে একদিকে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা যাচাই হচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার হচ্ছে।

শ্রীমঙ্গল থানা-পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা নগদ ২৪ হাজার টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা মোল্লাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোল্লাবাড়ির একটি রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্র শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পচাবহলা মোল্লাপাড়া গ্রামের মৃত জালাল শেখের স্ত্রী আসফুলের বসতঘরসহ ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় ঘরে থাকা নগদ ২৪ হাজার টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি।

শ্রীমঙ্গলে ব্র্যাকের PROMISE প্রকল্পের সমাপনী প্রতিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ব্র্যাকের PROMISE প্রকল্পের সমাপনী প্রতিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসা স্থাপন ও আর্থিক সংযোগের লক্ষ্যে বাস্তবায়িত “Unlocking Financial Solutions for Youth Enterprise Development (PROMISE)” প্রকল্পের সমাপনী প্রতিবেদন ও Closeout Meeting অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান। এ সময় ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইলিমেন্ট হাজ্য, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, PROMISE জেলা ব্যবস্থাপক আসমা উল হুসনা, ইউডি জেলা ব্যবস্থাপক ফরিদুজ্জামান সোহাগ, এসোসিয়েট অফিসার মাহফুজুর রহমান, এসোসিয়েট অফিসার (ব্র্যাক) আবুল কালাম, প্রোগ্রাম অফিসার সাগর হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সমবায় কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Education Above All (EAA)-এর সহায়তায় বাস্তবায়িত PROMISE প্রকল্পের মেয়াদ ছিল ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। দেশের বিভিন্ন অঞ্চলের ২৭টি শাখায় বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় মোট ৩ হাজার ৬০০ জন তরুণ উদ্যোক্তাকে লক্ষ্যভুক্ত করা হয়।

শ্রীমঙ্গল শাখায় প্রকল্পের আওতায় উদ্যোক্তা নির্বাচন, ইনকিউবেশন প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা স্থাপনে সহায়তা, ফলো-আপ এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের কার্যক্রম পরিচালিত হয়।

প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল শাখায় মোট ১৫০ জন উদ্যোক্তাকে ইনকিউবেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় এবং একই সংখ্যক উদ্যোক্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ছয়টি ব্যাচে পরিচালিত এ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে ৭২ জন নারী ও ৭৮ জন পুরুষ ছিলেন।

প্রকল্পের অন্যতম উল্লেখযোগ্য অর্জন হলো প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের ব্যবসা স্থাপনে এগিয়ে নেওয়া। মোট ৯০ জন উদ্যোক্তা ব্যবসা স্থাপনের পর্যায়ে পৌঁছেছেন। তাদের বিভিন্ন ব্যবসা থেকে ১১টি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

এছাড়া উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও মূলধনের প্রয়োজন মেটাতে আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। শ্রীমঙ্গল শাখায় ২৬ জন উদ্যোক্তা মোট ১২ লাখ ৭০ হাজার টাকা ঋণ সুবিধা পেয়েছেন। প্রকল্পের সামগ্রিক পর্যায়ে মোট ঋণ বিতরণের পরিমাণ ছিল ৪৩ লাখ ১৫ হাজার টাকা।

অনুষ্ঠানে PROMISE প্রকল্পের পাশাপাশি Enterprise Development (ED) Intervention কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরা হয়। এ কার্যক্রমের আওতায় দুই বছরের বেশি সময় ধরে পরিচালিত ব্যবসার মালিক এবং ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত দক্ষতা ও সহায়তা প্রয়োজন—এমন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

ED Intervention-এর নির্ধারিত লক্ষ্য ছিল ৩০৩ জন উদ্যোক্তা। এর বিপরীতে ৩১০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ১০২ শতাংশ। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ২৪৮ জন পুরুষ ও ৬২ জন নারী। এ কার্যক্রমের আওতায় ৫৮ জন উদ্যোক্তা ঋণ সুবিধা পেয়েছেন এবং মোট ৩২ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া ৪০ জন উদ্যোক্তা নতুন কর্মী নিয়োগ করেছেন।

উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি সামাজিক অন্তর্ভুক্তি ও জেন্ডার সচেতনতার বিষয়টিও প্রকল্পের কার্যক্রমে গুরুত্ব পেয়েছে। প্রতিটি ব্যাচে Gender & Inclusion Session আয়োজনের মাধ্যমে নারী-পুরুষের সমতা, সামাজিক অধিকার, অন্তর্ভুক্তি এবং বৈষম্য কমানোর বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। PROMISE কার্যক্রমে নারী অংশগ্রহণ ছিল প্রায় ৪৮ শতাংশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান নয়, প্রশিক্ষণ-পরবর্তী মেন্টরিং, ফলো-আপ এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ উদ্যোক্তাদের বাস্তব ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ধরনের সমন্বিত সহায়তা তরুণ উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখছে।

সমাপনী পর্যায়ে শ্রীমঙ্গল শাখায় PROMISE ও ED Intervention-এর অর্জন তুলে ধরে বলা হয়, প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা স্থাপন, ফলো-আপ, আর্থিক সংযোগ এবং জেন্ডার ও ইনক্লুশন কার্যক্রমকে সমন্বিতভাবে বাস্তবায়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নে একটি কার্যকর সহায়তা কাঠামো গড়ে উঠেছে।

প্রকল্পের অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা টেকসই রাখা, ব্যবসা সম্প্রসারণ এবং আরও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ-পরবর্তী দীর্ঘমেয়াদি সহায়তা ও নিয়মিত ফলো-আপের ওপর গুরুত্বারোপ করা হয়।

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট শ্রীমঙ্গলে তরুণ উদ্যোক্তাদের স্বপ্নে অর্থায়নের নতুন সম্ভাবনা ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি শ্রীমঙ্গলে ব্র্যাকের PROMISE প্রকল্পের সমাপনী প্রতিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের জন্য নতুন মাত্রা