খুঁজুন
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র, ১৪৩৩

ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন

শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন

 

দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, বৈশ্বিক দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন মাইলফলক স্থাপন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে Japanese NAT (Japanese Language NAT-Test) -এর Official Test Site হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে ঢাকার বাইরে প্রতিষ্ঠিত প্রথম NAT টেস্ট সাইট হিসেবে নতুন এক দিগন্তের সূচনা করলো। এই উদ্যোগ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও বিদেশগামী দক্ষ কর্মীদের জন্য আন্তর্জাতিক সুযোগকে আরও সহজ ও নাগালের মধ্যে নিয়ে আসবে।
জাপানি ভাষা দক্ষতা মূল্যায়নের জন্য NAT-Test আন্তর্জাতিকভাবে পরিচিত ও স্বীকৃত একটি পরীক্ষা, যা জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে জাপানে দক্ষ মানবসম্পদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও চাকরিপ্রত্যাশী জাপানে উচ্চশিক্ষা ও কর্মজীবনের সুযোগ অনুসন্ধান করছেন। এতদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষার্থীদের NAT পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকায় যেতে হতো, যা সময়, ব্যয় এবং ভোগান্তির কারণ ছিল। এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট চালুর ফলে দেশের দক্ষিণাঞ্চলসহ বৃহত্তর অঞ্চলের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, বিদেশগামী কর্মী এবং জাপানে অধ্যয়ন বা কর্মসংস্থানে আগ্রহীরা নিজ অঞ্চলে থেকেই আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
এই অর্জনকে দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সরকারের ভাষাভিত্তিক মানবসম্পদ তৈরির দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থী, গবেষক, তরুণ পেশাজীবী এবং আন্তর্জাতিক শ্রমবাজারমুখী দক্ষ কর্মীদের বৈশ্বিক সুযোগের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক দৃশ্যমানতা ও বৈশ্বিক সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
এ প্রসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা ও গবেষণার উৎকর্ষতাই নয়, আন্তর্জাতিক সংযোগ ও বৈশ্বিক সম্পৃক্ততার ক্ষেত্রেও ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ গ্রহণ করে চলেছে। NAT -এর অফিসিয়াল টেস্ট সাইট হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বিশেষ করে বাংলাদেশের ঢাকার বাইরে প্রথম NAT টেস্ট সাইট হওয়া দেশের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। এটি বিশেষত জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বর্তমান সরকারের দক্ষ মানবসম্পদ উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
প্রসঙ্গত, জাপানি ভাষার NAT-TEST পরিচালনাকারী প্রতিষ্ঠান Senmon Kyouiku Publishing এর প্রেসিডেন্ট ও ডিরেক্টর সাতোশি কামাতা এর সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর দীর্ঘদিন ধরে যোগাযোগ ও সমন্বয় করে আসছিল। এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে তিনি ১৩ এপ্রিল ২০২৬ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয় সফর করেন এবং বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপনের সম্ভাবনা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। সফরকালে অনুষ্ঠিত বৈঠকে খুলনা বিশ্ববিদ্যালয়কে NAT-এর একটি অফিসিয়াল পরীক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সফল আলোচনা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং এর মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে NAT -এর Official Test Site হিসেবে স্বীকৃতি লাভ করে।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে খুলনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও বৈশ্বিক সংযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। NAT টেস্ট সাইট প্রতিষ্ঠা সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে শুধু আন্তর্জাতিক শিক্ষার সুযোগ নয়; বরং জাপানসহ বৈশ্বিক শ্রমবাজারে প্রবেশ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার নতুন সম্ভাবনাও তৈরি হবে। দেশের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং বিদেশগামী দক্ষ কর্মীদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরবর্তী NAT পরীক্ষার নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগ্রহী পরীক্ষার্থীরা এখনই নিবন্ধন করতে পারবেন। জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা দক্ষতা উন্নয়নের পরিকল্পনা রয়েছে এমন সকল আগ্রহী ব্যক্তি, শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার সময়সূচি, নিবন্ধন এবং বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের NAT -এর নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম https://nat-test.ku.ac.bd এর মাধ্যমে পাওয়া যাবে।

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ণ
মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

‘খেলাধুলায় বাড়ে মনোবল, মাদক ছেড়ে মাঠে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বড়পই জাগরণী ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে বড়পই জাগরণী ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
উত্তেজনাপূর্ণ এ খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। প্রথমার্ধে জোকাহাট ফুটবল একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন আরিফুল ইসলাম। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে বড়পই জাগরণী ক্লাব একাধিক আক্রমণ করলেও সফল হয়নি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জোকাহাট ফুটবল একাদশ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে উপজেলার আটটি ক্লাব অংশ নেয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন জোকাহাট ফুটবল একাদশকে ট্রফির পাশাপাশি ৩০ হাজার টাকার চেক এবং রানার্সআপ বড়পই জাগরণী ক্লাবকে ট্রফিসহ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং বড়পই জাগরণী ক্লাবের ডিএম আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পুরো আয়োজনকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন। বক্তারা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

নওগাঁর সাপাহারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কালী মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় কালী মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান শাহ্ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক দীলিপ সাহা, সদস্য সচিব মিলন কুমার পাল, কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি অধীর চৌধুরীসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় ভক্তরা পরস্পরের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বয়সী নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন। পুরো শোভাযাত্রাজুড়ে ভক্তদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ।

রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক মো. রেয়াজুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগে স্থানীয়দের বিক্ষোভ ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অবরুদ্ধ করার ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সহকারী শিক্ষক মো. রেয়াজুল ইসলাম যৌন হয়রানিমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে ছাত্রীর অভিভাবক বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগমকে জানান। অভিযোগ পাওয়ার পরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে ২ সেপ্টেম্বর স্থানীয়রা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও ঘটনাস্থলে গেলে তাকেও অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ জনতা।

স্থানীয় বাসিন্দা রনি বলেন, শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষা বিভাগের অন্যতম দায়িত্ব। কোনো শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করলে তা মেনে নেওয়া যায় না।

লিমন বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে অভিভাবকের মতো। তাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি ধামাচাপা না দিয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

স্থানীয় মাহাতাব বলেন, আগেও একই ধরনের অভিযোগ থেকে থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত। শুধু এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করে দিলে সমস্যার সমাধান হয় না।

অভিযোগের বিষয়টি গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রংপুরকে জানান। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রংপুরের ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের অফিস আদেশে বলা হয়েছে, ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেয়াজুল ইসলামের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ‘ইধফ ঃড়ঁপয’ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে রাখেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী মো. রেয়াজুল ইসলামকে ২ সেপ্টেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. রেয়াজুল ইসলামের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রধান শিক্ষক মাহমুদা বেগম বলেন, বিষয়টি নিয়ে আমি আজ বসতে চেয়েছিলাম। কিন্তু অভিযুক্ত শিক্ষক ছুটি নিয়ে চলে গেছেন। পরে স্থানীয়রা আমাদের অবরুদ্ধ করে রাখেন এবং গালিগালাজ করেন।

গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে গেলে আমাদেরও অবরুদ্ধ করে রাখা হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। অভিযোগের বিষয়ে তদন্তের পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় টমটম চালকের মৃত্যু