খুঁজুন
সোমবার, ৪ মে, ২০২৬, ২১ বৈশাখ, ১৪৩৩

বাবাকে বাচাঁতে নদীতে ঝাপ ছেলের মৃত্যু

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
বাবাকে বাচাঁতে নদীতে ঝাপ ছেলের মৃত্যু

 

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন লিমন মিয়া নামে এক যুবক। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে আখিরা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন মিয়া স্থানীয় গোফফার আলীর ছেলে, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোফফার আলী বাড়ির পাশের আখিরা নদী পার হয়ে নিজের জমি থেকে কাটা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতে তিনি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যেতে থাকেন। এসময় তিনি বাঁচার জন্য চিৎকার করতে থাকেন।

তীরে থাকা ছেলে লিমন মিয়া বাবার বিপদ দেখে আর দেরি করেননি। সাঁতার ভালো না জানলেও বাবাকে বাঁচানোর তাগিদে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাবার কাছে পৌঁছানোর আগেই স্রোতের টানে তিনি নিজেই তলিয়ে যান।

পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে লিমন মিয়াকে মৃত অবস্থায় পান। অন্যদিকে, তার বাবা গোফফার আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি প্যানেল চেয়ারম্যান মো. শাহ জালাল জানান, বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের এমন আত্মত্যাগে এলাকায় গভীর শোক নেমে এসেছে। সবাই এই ঘটনার জন্য শোকাহত।

গ্রামীণ উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ
গ্রামীণ উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

গ্রামীণ উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় “এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ মে ২০২৬ খ্রি.) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, লালমনিরহাটের জনাব ড. মোঃ সাইখুল আরিফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার জনাব অশোক কুমার রায়।
উপজেলা কৃষি অফিসার (স্বারপ্রাপ্ত) জনাব মোঃ নুর ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব দীপ জন মিত্র।
কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য তুলে ধরা হয়। বক্তারা কৃষি খাতের টেকসই উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন।
অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাতীবান্ধা, লালমনিরহাট।

ভাওয়াইয়ার কথা, কথার ভাওয়াইয়া গ্রন্থের মোড়ক উন্মোচন

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
ভাওয়াইয়ার কথা, কথার ভাওয়াইয়া গ্রন্থের মোড়ক উন্মোচন

 

উত্তরবঙ্গের ভাষা ও ভাওয়াইয়া গান বিষয়ক গবেষণামূলক গ্রন্থ “ভাওয়াইয়ার কথা কথার ভাওয়াইয়া”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান কুড়িগ্রামের ভাওয়াইয়া একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
রংপুর অঞ্চলের ভাষা ও ভাওয়াইয়া সংগীত নিয়ে গবেষণাধর্মী এই গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি ও প্রকাশক সাকিল মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর আরআরএফ-এর কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি, কবি ও গবেষক আব্দুর রাজ্জাক; লেখক ও প্রাবন্ধিক রেজাউল করিম মুকুল; ভাওয়াইয়া একাডেমির পরিচালক ও ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা; ‘ফিরেদেখা’র সভাপতি কবি তাপস মাহমুদ; শিক্ষক ও গবেষক ড. মঈনুল হাসান; কবি ও সম্পাদক আবু হেনা মোস্তফা; গীতিকার নীলরতন সরকার; কবি রেজা হক; অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়সহ অনেকে।
বক্তারা ভাওয়াইয়া সংগীতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
ড. মঈনুল হাসান বলেন, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে ভাওয়াইয়া সংগীত কিছুটা বিকৃতির মুখোমুখি হচ্ছে।
কবি রেজা হক বলেন, ভাওয়াইয়ার মূল সুর ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে এটিকে ডিজিটাল মাধ্যমে আরও বিস্তৃত করতে হবে।
কবি তাপস মাহমুদ বলেন, ভাওয়াইয়ার উন্নয়ন চাইলে এ অঞ্চলের ভাষা ও সংস্কৃতিকে ধারণ করতে হবে। ভাষা থেকে বিচ্ছিন্ন হলে ভাওয়াইয়ার আবেদন হারিয়ে যাবে। বৃহত্তর রংপুর, কোচবিহার ও গোয়ালপাড়ার মানুষের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে ভাওয়াইয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত।
রেজাউল করিম মুকুল বলেন, বইটি দুদেশের সেতুবন্ধন, লেখক ভারতের অধিবাসী হলেও বইটি প্রকাশ করেছে আইডিয়া প্রকাশন। ভাওয়াইয়া মূলত মাটি ও মানুষের জীবনকথা তুলে ধরে।
আব্দুর রাজ্জাক বলেন, সমাজের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভাওয়াইয়ার আধুনিকায়ন প্রয়োজন। তবে এর মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে হবে। তিনি আরও বলেন, “ভাওয়াইয়ার কথা কথার ভাওয়াইয়া” গ্রন্থটি একশবছর পরেও প্রাসঙ্গিক থাকবে।
স্বাগত বক্তব্যে সাকিল মাসুদ বলেন, ভাওয়াইয়া নিয়ে ইতোমধ্যে বহু গবেষণাগ্রন্থ প্রকাশিত হলেও এই বইটি নতুনভাবে ভাওয়াইয়া ও উত্তরবঙ্গের ভাষা তথা রংপুরের ভাষার সঙ্গে পাঠককে পরিচিত করবে।
অনুষ্ঠানটি ভাওয়াইয়া সংগীত ও উত্তরবঙ্গের ভাষা-সংস্কৃতি চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

হাতীবান্ধায় অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করায় দুই সাংবাদিকের উপর হামলা; অভিযুক্ত বিএনপি নেতা

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
হাতীবান্ধায় অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করায় দুই সাংবাদিকের উপর হামলা; অভিযুক্ত বিএনপি নেতা

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক বর্বরোচিত হামলার শিকার হয়েছেন।

শুক্রবার (১ মে) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।  এসময় হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার সাংবাদিকরা হলেন, মানবকন্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিম।

স্থানীয় সূত্র জানায়, হাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে ভিডিও ধারণ করতে গেলে গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম এবং ওই ইউনিয়নের সাবেক ছাত্রদল সম্পাদক মজিবর একদল লোক নিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন। অতিরিক্ত টোল নিয়ে প্রশ্ন করায় সাংবাদিক আসাদুজ্জামান সাজুর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে প্রহার করেন। এ ঘটনার ভিডিও ধারণের
চেষ্টা করলে সাংবাদিক আব্দুর রহিমের উপরেও চড়াও হাট কর্তৃপক্ষ। পরে ছিনিয়ে নেওয়া মোবাইল ফেরত চাইলেও পূণরায় প্রহার করা হয়। এ সংক্রান্তে একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রেসক্লাব লালমনিরহাটের আহবায়ক আনোয়ার হোসেন স্বপন এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এই ধরণের হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই, যেন অতি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।

লালমনিরহাটের সাংবাদিক নেতা এস. আর শরিফুল ইসলাম রতন বলেন, অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ করা অপরাধ নয়। হামলাকারীরা যত ক্ষমতাধরই হোক না কেন, তারা প্রকারান্তরে সমাজের আয়নাকেই আঘাত করেছে। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এ বিষয়ে মন্তব্য পেতে সাংবাদিকদের উপর হামলায় নেতৃদানকারী বিএনপি নেতা নুর ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।

হাতিবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মোশাররফ সাংবাদিকদের উপর হামলা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমরা খোঁজখবর নিয়ে দেখবো। সাংবাদিকদের উপর হামলার ঘটনা সত্যি হয়ে থাকলে আমরা ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নিবো বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রামীণ উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বাবাকে বাচাঁতে নদীতে ঝাপ ছেলের মৃত্যু ভাওয়াইয়ার কথা, কথার ভাওয়াইয়া গ্রন্থের মোড়ক উন্মোচন হাতীবান্ধায় অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করায় দুই সাংবাদিকের উপর হামলা; অভিযুক্ত বিএনপি নেতা কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা স্ত্রী ও শালক গ্রেফতার