বিদ্যুৎ সংযোগে এসটি লাইন স্থাপনে সময় বাড়ানোর দাবীতে ত্রিশালে সংবাদ সম্মেলন
মোহাম্মদ সেলিম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে হঠাৎ করে বৈদ্যুতিক এসটি লাইন সংযোগে সরকারি সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন স্থানীয় ফিস ফিড মিল মালিক গণ।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে সময় বাড়ানোর দাবিতে রবিবার বিকেলে ত্রিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা ফিড মিল মালিক সমিতি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রতিটি ফিড মিলে এস টি লাইন সংযোগ স্থাপন করতে কমপক্ষে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা বিনিয়োগের প্রয়োজন। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে এত বড় অংকের টাকা জোগান করা সকল মালিক গণের পক্ষে অসম্ভব হয়ে দারিয়েছে।
তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ এই ঘোষণা তাদের ব্যবসায়িক অস্তিত্বকে সংকটে ফেলেছে। বক্তারা সরকারের কাছে এই সংযোগ স্থাপনের জন্য অন্তত ৬ মাস সময় চেয়েছেন।
তারা আশ্বস্ত করেন যে, ছয় মাস সময় পেলে পর্যায়ক্রমে সকল মিল এই সংযোগ স্থাপনে সক্ষম হবে। পর্যাপ্ত সময় না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন বা বাধ্য করা হলে অনেক ফিড মিল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে।
মিলগুলো বন্ধ হয়ে গেলে ফিডের সংকট তৈরি হবে এবং এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মৎস্য চাষিদের ওপর, যা স্থানীয় অর্থনীতিতে ধস নামাতে পারে।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আবু ফয়সাল খান, আফিয়া ফিড মিলের মালিক নাজমুল হক, এবং ভাই ভাই ফিড মিলের মালিক শাখাওয়াত হোসেন আনন্দ প্রমুখ।বক্তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক দিক বিবেচনা করে দ্রুত এই সময়সীমা বাড়ানোর দাবি জানান।



আপনার মতামত লিখুন