ডিবি’র অভিযানে নওগাঁয় ১০ লাখ টাকার হেরোইনসহ ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁয় একশত গ্রাম হেরোইনসহ ইকরামুল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মুঠোফোনে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে দুপুর দেড়টায় সদর উপজেলার রজাকপুর ডানা পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ইকরামুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ভাটা এলাকার আব্দুল মান্নানের ছেলে।
ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাসিবুল্লাহ হাসিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক কেনা বেচা হবে। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর দেড় টায় ডানা পার্ক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইকরামুল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত নওগাঁ গঠনে জেলা পুলিশ ধারাবাহিক ও কার্যকর অভিযান শুরু করেছে। ইতিমধ্যে চারটি অভিযান চালানো হয়েছে। মাদককারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে স্থানীয় সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিতে অনুরোধ করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে জনগণের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



আপনার মতামত লিখুন