খুঁজুন
শুক্রবার, ৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ, ১৪৩৩

শেরপুরের ঝিনাইগাতীতে ভেঙে পড়া কাঠের সেতু মেরামত

জুবায়ের আহমেদ রাসেল :
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
শেরপুরের ঝিনাইগাতীতে ভেঙে পড়া কাঠের সেতু মেরামত

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকা সংলগ্ন রবিউলের বাড়ির নিকট সাহাতি খালের ওপর ভেঙে পড়া ঝুঁকিপূর্ণ কাঠের সেতুটি অবশেষে মেরামত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে কাজ শেষ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে পাহাড়ি ঢল ও বন্যার পানিতে সেতুটি প্রায়ই নিমজ্জিত থাকত। এতে কাঠের পাটাতন পচে গিয়ে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গত তিন মাস ধরে এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন।

পরে সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের পৃষ্ঠপোষকতায় সেতুটি মেরামত করা হয়েছে। এতে আপাতত এলাকাবাসীর চলাচলের সমস্যা কিছুটা লাঘব হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. জহুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের যাতায়াতে ভোগান্তি ছিল। এখন সেতুটি মেরামত হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি। তবে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ জরুরি।

ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে সেতুটির পাটাতন পরিবর্তন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি, যাতে দ্রুত স্থায়ী সমাধান হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, এ স্থানে একটি টেকসই সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি আমি শুনেছি। দ্রুত সময়ের মধ্যে সাহাতি খালের ওপর একটি টেকসই পাকা সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে মানুষ স্থায়ীভাবে নির্বিঘ্নে চলাচল করতে পারে।

মান্দায় গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক চুরি

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
মান্দায় গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক চুরি

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এতে ওই প্রতিষ্ঠানের প্রায় ২লাখ ৭৫ হাজার টাকার বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম খোয়া যায়।

জানা যায়, গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী সাইফুল ইসলাম। প্রতিদিনের ন্যায় তিনি ঘটনার রাতে দায়িত্ব পালন করছিলেন। রাত দেড়টার দিকে অসুস্থতার কারনে সাইফুল বাড়িতে চলে যান। ওই রাতে তিনি আর প্রতিষ্ঠানে ফিরে আসেননি। সকালে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী মোফাজ্জল হোসেন এসে দেখেন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও আইসিটি শ্রেণিকক্ষের দরজার তালা নেই এবং প্রধান শিক্ষকের কক্ষের সিসিটিভি ক্যামেরার এলইডি মনিটর, রিসিভার, আইসিটি শ্রেণিকক্ষের ৬২ ইঞ্চি স্মার্ট মনিটর, কম্পিউটার চুরি হয়ে গেছে।

এবিষয়ে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী মোফাজ্জল হোসেন বলেন, প্রতিদিনের মতো আমি সকাল সাড়ে ৮টায় বিদ্যালয়ে এসে তালা খুলতে গিয়ে দেখি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অফিস কক্ষে তালা নেই। বিষয়টি বিদ্যালয়ের অফিস সহায়ক ফিরোজ আহম্মেদ খান ও সহকারী শিক্ষক সেকেন্দার খানের বাড়িতে গিয়ে অবগত করি এবং প্রধান শিক্ষককে মুঠোফোনে জানাতে বলি। পরে বিদ্যালয়ে ফিরে এসে দেখি আইসিটি শ্রেণিকক্ষেরও তালা নেই।

নৈশপ্রহরী সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও আমি বিদ্যালয়ে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ রাত দেড়টার দিকে মাথা ব্যথা, জ¦র ও শারীরিক অসুস্থ বোধ করায় বাড়িতে চলে যাই এবং ঔষুধ খেয়ে বাড়িতেই অবস্থান করি। পরদিন সকালে প্রধান শিক্ষক বাদেশ আলীর মুঠোফোনের মাধ্যমে চুরির ঘটনা জানতে পারি।

এবিষয়ে গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদেশ আলী জানান, আমি চুরির ঘটনাটি সকালে বিদ্যালয়ের অফিস সহায়ক ফিরোজ আহম্মেদ খানের মুঠোফোনের মাধ্যমে জানতে পারি। পরে বিদ্যালয়ে এসে দেখি আমার কক্ষের সিসিটিভি ক্যামেরার এলইডি মনিটর, রিসিভার, আইসিটি শ্রেণিকক্ষের ৬২ ইঞ্চি স্মার্ট মনিটর, কম্পিউটার সহ প্রায় ২লাখ ৭৫ হাজার টাকার বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম চুরি হয়েছে। এবিষয়ে আমি মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি এবং মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাৎক্ষনিক মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

রংপুরে কৃষকে হত্যা করে ট্রান্সমিটার চুরি

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
রংপুরে কৃষকে হত্যা করে ট্রান্সমিটার চুরি

 

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সেচঘর থেকে এক কৃষকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিনের মালিক মো. আমজাদ আলীর ছেলে। তিনি রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সফরমার পাহারার দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে মফিজার রহমান উমরপুর মাঠের সেচঘরে পাহারায় যান। বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে গেলে সেচঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খুলে নেওয়া অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজার রহমানের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

স্থানীয়দের ধারণা, গভীর রাতে চোর চক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সেচঘর থেকে কিছু দূরে ট্রান্সফরমার ছিল। সেটি চুরি হয়েছে। কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

‎খুলনা বিশ্ববিদ্যালয় ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
‎খুলনা বিশ্ববিদ্যালয় ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন


‎খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের উদ্যোগে ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক প্রযুক্তিগত উদ্ভাবন ও স্টাডি ট্যুরভিত্তিক অভিজ্ঞতামূলক শিক্ষার ওপর তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ ০৭ মে (বৃহস্পতিবার) বেলা ১১.৩০ মিনিটে ৩নং একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
‎এ সময় তিনি বলেন, প্রিন্টমেকিং শিল্পকলা ও বিজ্ঞানের সম্মিলিত রূপ। যেখানে সৃজনশীলতার প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারুকলায় শিক্ষা মূলত ‘ক্রিয়েশন অব এডুকেশন’। বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিগত উদ্ভাবন ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, ব্যবহারিক দক্ষতা ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
‎তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ইতোমধ্যে দেশের শিল্পশিক্ষা ও সৃজনশীল চর্চার ক্ষেত্রে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। প্রিন্টমেকিং ডিসিপ্লিনে আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ‘অ্যাডভান্সড প্রিন্টমেকিং ল্যাব’ ও ‘ইনটাগ্লিও প্রিন্টমেকিং ল্যাব’ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হয়েছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিকমানের শিল্পচর্চা ও গবেষণায় আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
‎উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও মানবিক স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর। আরও বক্তব্য রাখেন কর্মশালার টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের প্রফেসর মোহাঃ জসিম উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের প্রফেসর মোঃ আনিসুজ্জামান।
‎প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী জারিন প্রভা।
‎উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ `Transforming Printmaking Education: A Contemporary Approach to Multi-block Woodcut Practice in Bangladesh’ এবং `Advancing Sustainable Printmaking: Non-toxic Solvent Development and Application in Bangladesh’ শীর্ষক টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।
‎তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ কর্মশালায় প্রিন্টমেকিং শিল্প, প্রযুক্তিনির্ভর শিক্ষা, স্টাডি ট্যুরভিত্তিক শেখার অভিজ্ঞতা এবং ব্যবহারিক প্রশিক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

মান্দায় গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক চুরি রংপুরে কৃষকে হত্যা করে ট্রান্সমিটার চুরি ‎খুলনা বিশ্ববিদ্যালয় ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন সিংড়ায় ট্রাকচাপায় অটোভ্যান যাত্রী নিহত, আহত ৩ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা  নজরুল ইসলাম খান এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজের প্রত্যয়