শেরপুরের নালিতাবাড়ীতে এক সাংবাদিকের খামারবাড়ি থেকে পাম্প চুরির
শেরপুরের নালিতাবাড়ীতে এক সাংবাদিকের খামারবাড়ি থেকে গভীর নলকূপের সাবমার্সিবল পাম্প চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক পাম্পসহ চোরকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
গত ৫ মার্চ দিবাগত রাতের কোনো এক সময় নালিতাবাড়ী পৌর শহরের নালিতাবাড়ী-নকলা রোড সংলগ্ন খামারবাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো আবাদের সেচ সুবিধার জন্য সম্প্রতি ওই খামারবাড়িতে সাবমার্সিবল পাম্পটি স্থাপন করেছিলেন শাহজাহান কিবরিয়া। গত বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে ভোরের মধ্যবর্তী সময়ে চোরের দল পাম্পটি তুলে নিয়ে যায়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে পুরস্কারের ঘোষণা দিয়েছেন সাংবাদিক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া। তিনি জানান, যদি কোনো ব্যক্তি সাবমার্সিবল পাম্পসহ চোরকে ধরিয়ে দিতে পারেন, তবে তাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।
একই সাথে তিনি চোরদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, পাম্পটি যেন জনসম্মুখের আড়ালে আশেপাশে কোথাও রেখে যাওয়া হয়। এ ছাড়া শেরপুর জেলাসহ পার্শ্ববর্তী নকলা, ফুলপুর ও হালুয়াঘাট এলাকার ভাঙারি ব্যবসায়ীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। কোনো ব্যবসায়ী পাম্পটি শনাক্ত করতে পারলে তা জব্দ করে তার সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।



আপনার মতামত লিখুন