হিলি সীমান্তে জ্বালানি পাচারে বিজিবির রেড অ্যালার্ট,
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে জ্বালানি তেল পাচার রুখতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পর, আজ বৃহস্পতিবার সকাল থেকে হিলি সীমান্তসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিজিবির টহল কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। কেবল সীমান্ত রেখাই নয়, বরং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে আশেপাশের জনপদগুলোতেও।
বিজিবি সূত্রে জানা গেছে, পাচারকারীরা যাতে কোনোভাবেই দেশের সম্পদ বিদেশে সরাতে না পারে, সেজন্য গ্রহণ করা হয়েছে বহুমুখী পদক্ষেপ
সীমান্তের প্রতিটি কৌশলগত পয়েন্টে বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
সীমান্তবর্তী আঞ্চলিক সড়কগুলোতে জ্বালানি তেলবাহী লরি বা ড্রাম চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে তেলের মজুদ এবং বিক্রির তথ্য নিয়মিত সংগ্রহ করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পরপরই আমরা সীমান্তে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছি। দেশের জ্বালানি সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর।
লে. কর্নেল লতিফুল বারী, অধিনায়ক, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।
বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে একটি চক্র সীমান্ত দিয়ে তেল পাচারের চেষ্টা করতে পারে এমন শঙ্কা থেকেই এই আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ নজরদারি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন